ওসমানীনগর প্রতিনিধি

১৭ মার্চ, ২০১৮ ১৮:৪০

ওসমানীনগরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

সিলেটের ওসমানীনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

শনিবার (১৭ মার্চ) ওসমানীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

সকাল সাড়ে নয়টায় উপজেলার তাজপুর মঙ্গলচণ্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি র‌্যালি সিলেট-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। সকাল ১০টায় মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত ইউএনও তানভীর হাসান রুমানের সভাপতিত্বে ও ভেটেনারি সার্জন ডা. সাহাদাত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ওসি মোহাম্মদ সহিদ উল্যা, ওসামানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজারুর রহমান চৌধুরী নাজলু, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য আবদাল মিয়া, সাম্যবাদী দলের কেন্দ্রীয় সদস্য কমরেড আফরোজ আলী, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, প্রধান শিক্ষক হেলেন বেগম চৌধুরী, সহিদ হাসান, মামুনুর রশিদ খলকু, মতিন জায়গীরদার ও ছাত্রী আফরিন আহমদ প্রমা।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা শাহ সুলতান আহমদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌস, ফায়ার ব্রিগেডের স্টেশন ম্যানেজার ফজলুল হক, উপসহকারী প্রকৌশলী আলমগীর রেজা, সাংবাদিক কবির ও সাংবাদিক আতাউর রহমান কাওছার।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


আপনার মন্তব্য

আলোচিত