গোলাপগঞ্জ প্রতিনিধি

১৮ মার্চ, ২০১৮ ১৬:২৫

গোলাপগঞ্জে নিহতরা পাচ্ছেন সরকারি অনুদান

গোলাপগঞ্জের লক্ষ্মণাবন্দে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ জনের পরিবার পাচ্ছেন সরকারী অনুদান। রোববার (১৮ মার্চ) সকালে সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান ঘটনাস্থল পরিদর্শন কালে এ অনুদান ঘোষণা দেন।

এসময় তিনি বলেন, নিহতদের প্রত্যেকের দাফন খরচ বাবদ মাথাপিছু ১০ হাজার টাকা করে সরকারী অনুদান দেয়া হবে। ইতোমধ্যে তিনি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত ৫ জনের পরিবারকে ও আহত ২ জনকে ২ বান করে টিন ও নগদ ৬ হাজার টাকা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

প্রসঙ্গত, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মণাবন্দে (টিল্লা বাড়ি) লয়লু মিয়ার কলোনিতে ঘুমন্ত অবস্থায় বজ্রপাতে ঘরের বাইরে থাকা গ্যাস লাইনের রাইজারে বিস্ফোরণ ঘটে। এত সাথে সাথে আগুন ধরে যায় বাবুল মিয়ার ঘরে। মুহূর্তের মধ্যেই ঘরের ভেতরে আগুন ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যান বাবলু মিয়ার স্ত্রী-সন্তান সহ ৫ জন।

এসময় ঘরের জানালা ভেঙে বাবুল মিয়াকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এলাকাবাসী। ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত সাড়ে তিনটায় এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে এ ঘটনায় নিহতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের পনাইরচক গ্রামের মছকন্দর আলীর স্ত্রী সেবু বেগম (২২), সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার খালেরমুখ গ্রামের বাবলু মিয়ার স্ত্রী তাহমিনা বেগম (৩০) তার শিশু সন্তান তাহসিন আহমদ (২), গোলাপগঞ্জের নোয়াই দক্ষিণভাগ এলাকার মৃত ইসরাইল আলীর পুত্র সেবুল মিয়া (১৬), ও একই এলাকার শাহাব উদ্দিনের পুত্র ইয়াজ উদ্দিন (১৮)।

আপনার মন্তব্য

আলোচিত