১৮ মার্চ, ২০১৮ ১৮:১০
অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে হামলাকারী ফয়জুর হাসান।
১০ দিনের রিমান্ড শেষে রোববার দুপুরে ফয়জুরকে সিলেট মহানগর হাকিম ৩য় আদালতে হাজির করে পুলিশ। ওই আদালতের বিচারক হরিদাস কুমার বিকেলে ফয়জুরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি শেষে ফয়জুরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।
সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য ভূষন চৌধুরী বলেন, ফয়জুর কিভাবে হামলা করেছে, হামলার পরিকল্পনা কতদিন ধরে করছে, তার সাথে কেউ আছে কী না সবকিছু জবানবন্দিতে বলেছে। তবে তদন্তের স্বার্থে এসব এখন প্রকাশ করা যাবে না।
অমূল্য বলেন, একটি বিশেষ মতবাদে বিশ্বাসী হয়ে হত্যার উদ্দেশেই অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালায় বলে আদালতকে জানায় ফয়জুর।
গত ৮ মার্চ একই আদালতে ফয়জুরকে হাজির করে ১০দিনের রিমান্ডে নেন মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার ওসি শফিকুর রহমান। এছাড়া ১১ মার্চ ফয়জুরের বাবা আতিকুর রহমানকে ৫ দিনের, মা মিনারা বেগমকে ২ দিনের ও মামা ফজলুর রহমানকে ৫ দিনের এবং ১২ মার্চ ফয়জুরের ভাই এনামুলকে রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে এরআগে ফয়জুরের বাবা ও মা আদালতে জবানবন্দি দিয়েছেন।
গত ৩ মার্চ বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে অধ্যাপক জাফর ইকবালের উপর ছুরি দিয়ে হামলা চালান ফয়জুর হাসান। হামলার পরপরই ফয়জুরকে আটক করে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। পরে র্যাব তাকে উদ্ধার করে পুলিশের হাতে হস্তান্তর করে।
এদিকে হামলায় আহত অবস্থায় অধ্যাপক জাফর ইকবালকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে ঢাকার সম্মিলিত সামরির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেকটাই সুস্থ হয়ে উঠা জাফর ইকবাল ১৩ মার্চ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শাবিপ্রবি ঘুরে যান। এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে ফয়জুরের প্রতি কোনো ক্ষোভ নেই বলে জানিয়েছিলেন তিনি। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় বিশ্রামে আছেন জনপ্রিয় এই লেখক।
আপনার মন্তব্য