সংবাদ বিজ্ঞপ্তি

২১ মার্চ, ২০১৮ ১৪:৪৭

কোম্পানিগঞ্জের জোড়া খুন মামলার আসামী নগরীতে গ্রেপ্তার

কোম্পানিগঞ্জে জোড়া খুনের মামলার আসামী জমির উদ্দিনকে (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার (২০ মার্চ) রাত ১০টার দিকে সিলেট নগরীর আম্বরখানাস্থ ডিঙি রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জমির কোম্পানিগঞ্জের ভেকিমুরার পাড় গ্রামের মৃত মহরম আলীর পুত্র। র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া), অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জমান স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কোম্পানিগঞ্জের শিমুলতলা নোয়াগাঁও এলাকার দুলহাইন জলমহাল নিয়ে অগ্রগামী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুল হক সরকার ও তোরাব আলীর মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে ২০১৫ সালের ৩১ অক্টোবর উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলি বিনিময়ের ঘটনাও ঘটে।

এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে জলমহালের পাহারাদার আব্দুল খালিদ ও শেখ ফরিদ ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এতে আহত হন আরও অন্তত ১২ জন। এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম প্রধান আসামী জমির উদ্দিন।

গ্রেপ্তার জমির উদ্দিনকে কোম্পানিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত