ছাতক প্রতিনিধি

২৫ মার্চ, ২০১৮ ২২:২৪

পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও এগিয়ে যেতে হবে: এমপি মানিক

ছাতকের নতুন বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগ, স্বাস্থ্য, সর্বক্ষেত্রেই বাংলাদেশ উন্নতির শিখরে পৌঁছেছে। এই উন্নয়নের সারথি হতে আমাদের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও মনযোগী হতে হবে।

রোববার (২৫ মার্চ) বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক ফারুক মিয়ার সঞ্চালনায় এমপি মানিক আরও বলেন বর্তমান সরকারের আমলেই এই বিদ্যালয়ে বহুতল ভবন নির্মাণ হবে।

বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এস এম সুজন মিয়া নতুন বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উনার মায়ের নামে কাজী রেজিয়া নুর তালুকদার নামে একটি ভবন নির্মাণের ঘোষণা দেন।

এসময় সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আমিন, আরজক আলী, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা আছদ্দর আলী, উত্তর খুরমা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান, আওয়ামী লীগ নেতা সুন্দর আলী, মাহমুদ আলী, সুজন মিয়াসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শাপলা দলের অধিনায়কের হাতে পুরষ্কার তুলে দেন সাংসদ মুহিবুর রহমান মানিক। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত