নবীগঞ্জ প্রতিনিধি

২৬ মার্চ, ২০১৮ ১১:২৩

নবীগঞ্জে আন্তঃ বিভাগ ডাকাত দলের সদস্য আফাজ গ্রেপ্তার

হবিগঞ্জের নবীগঞ্জে আন্তঃ বিভাগ ডাকাত দলের সদস্য আফাজ মিয়াকে (৪২) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর ও জগন্নাথপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে তার নিজ বাড়ি উপজেলার পারকুল গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার ঘর থেকে ৩টি পাইপগান, ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

ধৃত ডাকাত আফাজ ওই গ্রামের সঞ্জব উল্লার পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, আন্তঃ বিভাগ ডাকাত দলের সদস্য আফাজ মিয়ার বিরুদ্ধে ইতোপূর্বে সিলেট বিভাগের বিভিন্ন থানায় চুরি, ডাকাতিসহ একাধিক মামলা হয়েছিল। গত শনিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি এস এম আতাউর রহমানের নেতৃত্বে থানার এস আই এমরান হোসেন, বালাগঞ্জ থানার এস আই মুহিবুর রহমান, অপু কুমার দাশ, ওসমানী নগর থানার এস আই ফরিদ আহমেদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামস্থ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার নিজ ঘরে রক্ষিত ৩টি পাইপগান, ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এব্যাপারে পুলিশ বাদী হয়ে রোববার রাতে থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত