২৯ মার্চ, ২০১৮ ১৮:২১
হবিগঞ্জ থানায় মামলা করতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়ার অভিযোগ করেছেন আমার এমপি ডটকমের চেয়ারম্যান সুশান্ত দাশ গুপ্ত। স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা বৃহস্পতিবার থানা ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির এই সদস্যের। এদিকে পুলিশও তাঁর মামলা নিতে গড়িমসি করে বলে অভিযোগ সুশান্তের।
তবে অবরুদ্ধের অভিযোগ অস্বীকার করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন বৃহস্পতিবার, তিনি একটি মামলা করতে এসেছেন। এ ব্যপারে তাঁর সাথে কথাবার্তা চলছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের ত্রাণ বিষয়ক উপকমিটির সদস্য সুশান্ত দাশ গুপ্ত জানান, বুধবার রাতে তাঁর হবিগঞ্জের বাসার সামনে এসে রাহুল নামের ব্যক্তি হুমকি দেয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে তিনি হবিগঞ্জ সদর থানায় অভিযোগ দাখিল করতে যান। এ সময় রাহুল থানায় অবস্থান করছিলেন। কিছুক্ষণ পর রাহুল স্থানীয় কিছু যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের নিয়ে থানা ভবন ঘেরাও করে ফেলে। এতে সকাল থেকে থানায় অবরুদ্ধ হয়ে পড়েন তিনি।
বৃহস্পতিবার বিকেল ৫ টায়ও সুশান্ত বলেন, সকাল থেকে এখন পর্যন্ত থানার ভেতরে আমি অবরুদ্ধ অবস্থায় আছি। এদিকে পুলিশও আমার এজাহার গ্রহণ না করে সাধারণ ডায়রি করার পরামর্শ দিচ্ছে।
তবে সন্ধ্যা ৬ টার দিকে সুশান্ত দাশগুপ্ত ফেসবুকে জানান, তিনি থানা থেকে নিরাপদে বের হয়ে এসেছেন। পুলিশও তার মামলা গ্রহণ করেছে।
আপনার মন্তব্য