গোয়াইনঘাট প্রতিনিধি

৩০ মে, ২০১৮ ১৫:২০

গোয়াইনঘাটে ১ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে: এমপি ইমরান

সরকারের ডাক-টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য সিলেট ৪-আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাস করে। দেশের আনাচেকানাচে প্রতিনিয়তই সরকারের গৃহীত নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। কারো মিথ্যে সমালোচনায় জনগণ বিভ্রান্ত হবে না। সারা দেশের ন্যায় উন্নয়ন প্রস্তাবিত হচ্ছে গোয়াইনঘাটেও। বর্তমান সরকারের আমলেই গোয়াইনঘাটে প্রায় ১ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৯ মে) সকাল ১০টায় উপজেলার আলীরগাঁও ইউনিয়নের হতদরিদ্র জনসাধারণের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণকালে এ কথাগুলো বলেন তিনি।

৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত জাফলং সেতু, নতুন বিদ্যাপীঠ, একাডেমিক ভবন, রাস্তাঘাট, বিদ্যুৎ, চিকিৎসা ব্যবস্থায় বিভিন্ন প্রকল্পের উদাহরণ দিয়ে বলেন, এ সরকারের সময়ে খাদ্য ঘাটতি, বিদ্যুৎ ঘাটতি ও গ্যাসের ঘাটতি দূর করা হয়েছে। ২০১৭ সালের এপ্রিল থেকে ২০১৮ সালের এপ্রিল পর্যন্ত শুধু মাত্র গোয়াইনঘাট উপজেলায় ভিজিএফ এর চাল ১ হাজার ৬৬৫ মেট্রিক টন চাল ও নগদ ২ কোটি ৭০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়াও চলতি রমজান মাসে সরকার গৃহীত বিশেষ ভিজিএফ এর আওতায় এ উপজেলার ৩৬ হাজার ৫ শত পরিবারে ১০ কেজি করে চাল দিচ্ছে সরকার।

আলীরগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলা খাদ্যগুদাম মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৫নং আলীরগাও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল। প্যানেল চেয়ারম্যান আবুল খয়েরের পরিচালনায় এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল ও থানার নবাগত অফিসার ইনচার্জসহ পদস্থ কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এছাড়া দুপুর ১২টা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথকভাবে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে সোলার প্যানেল ও ক্ষুদ্র জাতিসত্তা এবং নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে নগদ ৫ হাজার টাকা করে ৩০ জনের মধ্যে বিতরণ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ এবং উপজেলা পরিষদের সিএ মোহাম্মদ লুৎফুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানমালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা লূৎফুর রহমান লেবু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকার, ৬নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আব্দুল হক, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শাহাব উদ্দিন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা বাবু সুভাস চন্দ্র পাল ছানা,উপজেলা যুবলীগ নেতা গোলাম কিবরিয়া রাসেল, নজরুল ইসলাম, মুজিবুর রহমান, সুবাস দাস, উপজেলা ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী সুমন প্রমুখ।


আপনার মন্তব্য

আলোচিত