কমলগঞ্জ প্রতিনিধি

৩০ মে, ২০১৮ ১৮:১৭

কমলগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২

মৌলভীবাজারের কমলগঞ্জে পৃথক দুটি অভিযানে পুলিশ ২ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত দুই ইয়াবা ব্যবসায়ীর কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৯ মে) রাত পৌনে ১১টায় আলীনগর ইউনিয়নের রানীর বাজার এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী হোসেন আলী (৩৯) কে ও রাত সাড়ে ১১টায় শমশেরনগর বাজার থেকে মাহমুদ আলী (২৭) নামে অপর এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই চম্পক ধাম, এ এস আই উত্তম কৈরী ও এএসআই আব্দুল হামিদের নেতৃত্বে পুলিশের অভিযানে রানীর বাজার এলাকায় ইয়াবা নিয়ে ক্রেতার অপেক্ষায় থাকা অবস্থায় ইয়াবা ব্যবসায়ী হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি আলীনগর ইউনিয়নের ফুলতলী গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

ইয়াবাসহ ব্যবসায়ী হোসেন আলীকে আটকের সত্যতা নিশ্চিত করে এসআই চম্পক ধাম বলেন, সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত।

অপরদিকে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় শমশেরনগর বাজার চৌমুহনা এলাকার সাবেদ ভবনের সামনে থেকে ১৬ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ী মাহমুদ আলীকে গ্রেপ্তার করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এএসআই আয়াছ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল। তিনি শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামের মছদ্দর আলীর ছেলে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ রায় চৌধুরী ইয়াবাসহ মাহমুদ আলীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, সে দীর্ঘদিন ধরে এ ব্যবসার সাথে জড়িত।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে দুজনের বিরুদ্ধে মামলা হলে সে মামলায় আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত