গোয়াইনঘাট প্রতিনিধি

৩১ মে, ২০১৮ ১৪:৪৪

গোয়াইনঘাটে প্রবাসীদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

সিলেটের গোয়াইনঘাটে দরিদ্র,অসহায়দের মধ্যে ইফতার সামগ্রী ও নগদ টাকা সহায়তা প্রদান করেছেন প্রবাসীরা।

বুধবার (৩০ মে) বিকেল ৩টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়াইনঘাট প্রবাসী ট্রাষ্ট আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাটের উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, আর্তমানবতার সেবক হয়ে কাজ করছেন গোয়াইনঘাটের বিভিন্ন প্রবাসী সমাজসেবী সংগঠনের ভাইরা। পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করা গোয়াইনঘাটের বিভিন্ন ইউনিয়নের প্রবাসী ভাইদের কষ্টার্জিত অনুদান গোয়াইনঘাটের দরিদ্র মানুষের কল্যাণে বণ্টন হয়ে আসছে। ইতিপূর্বে গোয়াইনঘাটের প্রবাসী অপরাপর সংগঠনগুলো তাদের মানবতাবোধ প্রদর্শন করেছেন। পাশে দাড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন দরিদ্র অসহায় মানুষের তরে। গোয়াইনঘাট প্রবাসী ট্রাষ্টের আজকের এই প্রয়াসও তারই ধারাবাহিকতারই অংশ।

তিনি আরো বলেন, অসহায়দের ইফতার সামগ্রী প্রদান পবিত্র রমজান মাসে আপনাদের এই মমত্ববোধ আমাদের সকলের হৃদয়ে স্থান করে নিয়েছে। হাজার হাজার মাইল দুরে থাকলেও আপনাদের দৃষ্টির আড়াল হয়না মানবতা। আড়াল হয়না গোয়াইনঘাটের দরিদ্র অসহায় মানুষের কথা। আজ প্রবাসী ট্রাষ্টের ভাইদের সুহৃদ হাত হাসি ফুটল ওদের মুখে। বিশেষ করে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রমের টাকা দিয়ে গোয়াইনঘাটের আড়াইশতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী ও নগদ টাকা বিতরণ অত্যন্ত প্রশংসনীয় মহতী একটি উদ্যোগ।

এসময় তিনি প্রবাসে অবস্থানকারী ভাইদের জন্য দোয়া করতে ইফতার সামগ্রী,নগদ টাকা গ্রহণকারীদের প্রতি উদার্থ আহবান জানান।

গোয়াইনঘাট প্রবাসী  ট্রাষ্টের প্রধান উপদেষ্টা মো. তোরাব আলীর সভাপতিত্বে ও লেংগুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এম,এম কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৫নং আলীরগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল, ১নং রুস্তুমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ মতিন, সাবেক সভাপতি মনজুর আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক করিম মাহমুদ লিমন, নবদূত এর চেয়ারম্যান মাওলানা রফিক আহমদ, মাও আব্দুল মতিন, বিএনপি নেতা সাইদুর রহমান, মাও জমির উদ্দিন, মাও গোলাম আম্বিয়া কয়েছ, শিক্ষক আব্দুল কাদির প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত