০১ জুন, ২০১৮ ০৪:০৯
সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রী নিয়ে লেগুনা গাড়ির দুই দল শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ মে) বিকেলে সংঘর্ষের এই ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুত্বর আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের লেগুনা স্ট্যান্ডের শ্রমিক হাবিবুর কলকলিয়া ইউনিয়নের সাদীপুর পয়েন্ট থেকে যাত্রী নিয়ে জগন্নাথপুর আসার পথে কলকলিয়া বাজার এলাকায় পৌঁছামাত্র কলকলিয়া লেগুনা স্ট্যান্ডের শ্রমিকরা তার গাড়ি থেকে জোর করে যাত্রীদের নামিয়ে দেয়। এসময় লেগুনা চালক হাবিবুর রহমান বাধা দিলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের শ্রমিকদের মারধরে হাবিবুর রহমান আহত হন। এ খবর শুনে উপজেলা সদর স্ট্যান্ডের শ্রমিকরা উত্তেজিত হয়ে সেখানে উপস্থিত কলকলিয়ার শ্রমিকদের উপর হামলা চালায়। মুহূর্তেই উভয় পক্ষের উত্তেজিত শ্রমিকদের মধ্যে দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০জন শ্রমিক আহত হন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন- লেগুনা শ্রমিক কবিন্দ্র দাস (২৮), মখলুছ মিয়া (৩০), ছৌলুদ্দিন (৩২), আব্দুন নূর (৩৪), কাওছার আহমদ (২৬), শাহ কামাল (৩২), নাসির মিয়া (২৮) সহ অন্তত ১০জন।
জগন্নাথপুর থানার এসআই সাইফুল আলম জানান, সংঘর্ষের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। কোন পক্ষই এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
আপনার মন্তব্য