০২ জুন, ২০১৮ ১৯:৫২
গত দুই নির্বাচনে স্বতন্ত্র হিসেবে মেয়র প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন। এবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হতে আগ্রহী ছালাউদ্দিন রিমন। শনিবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন আগ্রহের কথা জানান রিমন।
গত দুই নির্বাচনেই মেয়র প্রার্থী হয়ে আলোচনা ও হাস্যরসের জন্ম দেন রিমন। দুই নির্বাচনেই জামানত বাজেয়াপ্ত হয় তার।
তবে নির্বাচনে পরাজিত হলেও নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্যে বিভিন্ন সময় আলোচনায় ছিলেন রিমন। গত নির্বাচনের পর ২০১৫ সালের গত ৯ জানুয়ারি পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে গ্রেপ্তার হন তিনি। এরপর গত বছরের ১০ অক্টোবর সরকারের ১০ টাকা মূল্যের চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে ফের গ্রেপ্তার হন এই যুবদল নেতা।
এবার ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচনের আগ্রহ প্রসঙ্গে ছালাউদ্দিন রিমন বলেন, আমি এবার বিএনপির মনোনয়ন পেতে আগ্রহী। সিলেট বিএনপির একাংশ আমার সাথে রয়েছে। আশা করছি দল আমাকে বিবেচনা করবে। দলীয় মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
দলীয় মনোনয়ন পেলে প্রার্থী হবেন কী এমন প্রশ্নের জবাবে রিমন বলেন, এটা পরে সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।
রিমন জানান- তিনি যুবদল নেতা হওয়ায় রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি বিগত দিনে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। পাশাপাশি দুই বার তিনি নির্বাচন করার কারণে পরিচিতিও পেয়েছেন বলে জানান। ছালাউদ্দিন রিমনের বাড়ি সিলেট শহরের ২৭ নম্বর ওয়ার্ডের অধীনের হবিনন্দি গঙ্গানগর এলাকায়।
পেশা কন্ট্রাক্টর উল্লেখ করে রিমন প্রথমবার সিলেট সিটি নির্বাচন করেছিলেন ২০০৮ সালে। ওই নির্বাচনে সামান্যসংখ্যক ভোট পেলেও ২০১৩ সালের নির্বাচনে তিনি ফের মেয়র পদে নির্বাচনে প্রার্থী হন।
ছালাউদ্দিন রিমন জানিয়েছেন- তিনি দক্ষিণ সুরমা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি যুবদলের রাজনীতিতে জড়িয়ে পড়েন। বর্তমানে রিমন সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক পদ প্রত্যাশী।
রিমন বলেন, সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে আমি পরপর ৬ মামলার আসামি হয়েছি। রিমন জানান- ‘সিদ্ধান্ত নিয়েছিলাম এবার আর নির্বাচন করবো না। যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন এ কারণে আমি মার্কা হিসেবে দলীয় প্রতীকই চাইবো। আশা করি বিএনপি আমাকে হতাশ করবে না।’
আপনার মন্তব্য