কমলগঞ্জ প্রতিনিধি

০৪ জুন, ২০১৮ ১৮:০৮

কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের নারী সদস্যকে লাঞ্চিতের অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৪নং শমশেরনগর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্যকে এক বখাটে ব্যক্তি কর্তৃক লাঞ্চিত করার অভিযোগ উঠেছে।

রোববার (৩ জুন) সন্ধ্যায় রঘুনাথপুর গ্রামের এক প্রাক্তন বনকর্মকর্তার বাড়িতে ইফতারে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নারী সদস্য থানায় লিখিত অভিযোগ করেন।

শমশেরনগর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রেহেনা বেগম অভিযোগ করে বলেন, দুই নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের প্রাক্তন বন কর্মকর্তা আয়ুব আলীর স্ত্রী আনোয়ারা বেগম ইফতারের আমন্ত্রণ জানিয়ে আমাকে তাঁর বাড়িতে নিতে আসেন। আনোয়ারা বেগমের সাথে যাওয়ার পথে ইফতারের ঠিক পূর্ব মুহুর্তে রঘুনাথপুরে তাদের বাড়ির সম্মুখে কৃষিজমিতে আকস্মিকভাবে একই গ্রামের আলকাছ মিয়ার বখাটে ছেলে জামসেদ হোসেন (৪০) আমাকে টানা হেঁচড়া করে লাঞ্চিত ও শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় জামসেদের দুই স্ত্রীও এগিয়ে এসে আমার উপর ঝাপটে পড়ে আমাকে মারধোর করে আহত করে। আমার হাল্লা-চিৎকার শুনে গ্রামের অন্যান্য লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করেন। পরে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা গ্রহণ করি এবং বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবহিত করে কমলগঞ্জ থানায় জামসেদসহ চার জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করি।

অভিযোগ বিষয়ে জামসেদ মিয়া বলেন, ইউপি সদস্যের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি তাকে লাঞ্চিত ও মারধোর করার প্রশ্নই উঠে না। তার সাথে আমার পূর্ব বিরোধ থাকায় তিনি এ ধরণের অভিযোগ করছেন।

শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদ বলেন, ইউনিয়ন পরিষদের নারী সদস্যের উপর আক্রমণ ও লাঞ্চিত করার অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে মহিলা সদস্য কর্তৃক থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) অরুপ কুমার চৌধুরী বলেন, বিষয়টি তদন্ত চলছে। তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত