০৪ জুন, ২০১৮ ২৩:৩১
সিলেট নগরীর উপশহরে যাত্রীবেশে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করে জনতা।
সোমবার (৪ জুন) সকালে ছিনতাইকারীদের শাহপরান থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জগন্নাথপুরের ফারুক আহমদের ছেলে জাহেদ হাসান (২৬) এবং তাহিরপুরের আব্দুল হাশিমের ছেলে মো. মুরছালিন (২৬)।
পুলিশ জানায়, রোববার রাত ৩টার দিকে নগরীর সাদারপাড়া পয়েন্ট থেকে উপশহর এইচ ব্লকে যাওয়ার জন্য মোনাফ আলী (২৫)-এর রিকশায় উঠেন জাহেদ এবং মুরছালিন। গন্তব্যস্থলে পৌঁছে রিকশা চালক মোনাফ আলীর পকেট থেকে একহাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেন জাহেদ। সেই সাথে মুরছালিন চাকু দিয়ে রিকশা চালকের শরীরের বিভিন্ন স্থানে জখন করে অজ্ঞান অবস্থায় রাস্তায় ফেলে রেখে দেয়। পরবর্তীতে জাহেদ এবং মুরছালিন অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
রিকশা চালক মোনাফ আলীর জ্ঞান ফিরে আসলে তার বোনের বাসায় গিয়ে অন্যান্য রিকশা চালকদের সংবাদটি দেয়। পরবর্তীতে রোববার সকাল সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ মিতালী ফার্মেসীর পিছনে ভাঙ্গারীর দোকানের সামনে রিকশাটির সন্ধান পেয়ে পরিচিত লোকজন নিয়ে সেখানে যান মোনাফ আলী।
এসময় ছিনতাইকারীরা তাদের দেখে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাদের আটক করে গণপিটুনি দেয়ে শাহপরান থানায় খবর দেয়। পরবর্তী শাহপরান থানায় তাদের হস্তান্তর করা হয়।
এ ঘটনায় রিকশা চালক বাদী হয়ে শাহপরান থানায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে হাজির করা হয়েছে বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আপনার মন্তব্য