নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০১৮ ২৩:০৩

সিলেটের ৪ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

সিলেটের ৪টি ডায়াগনস্টিক সেন্টারকে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও ‘মনগড়া’ মেডিকেল রিপোর্ট প্রদানের অভিযোগে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো- আম্বরখানায় অবস্থিত হাইটেক মেডিকেল সার্ভিস, আলীয়া মাঠ সংলগ্ন ল্যাব ডেল্টা ডায়াগনস্টিক সেন্টার, রিকাবিবাজার এলাকায় নিউ ম্যাডি হেলথ ডায়াগনস্টিক সেন্টার ও ইউনিক ডায়াগনস্টিক সেন্টার।

বুধবার (৬ জুন) বিকেলে পৃথক পৃথক টিমে বিভক্ত হয়ে এসব অভিযান পরিচালনা করা হয়।

মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে প্যাথলজিক্যাল টেস্ট করা, যার ‘মনগড়া’ মেডিকেল রিপোর্ট রোগীদের সঙ্গে এমন ভয়ঙ্কর প্রতারণার অপরাধে ভোক্তা অধিকার ২০০৯ সালের আইনানুযায়ী হাইটেক মেডিকেল সার্ভিস প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম।

তিনি বলেন, প্রতিষ্ঠানটির রিএজেন্টের মেয়াদ শেষ হয়েছে মার্চে। তারপরও প্যাথলজি টেস্ট চালানো হচ্ছিলো। এতে করে ভুল রিপোর্টে রোগীর জীবন বিপন্ন হওয়ার শঙ্কা তৈরি হয়। সেইসঙ্গে লাইসেন্স না থাকার পরও প্রতিষ্ঠানটি বিদেশগমনেচ্ছুদের স্বাস্থ্য পরীক্ষার কাজ চালিয়ে আসছিলো।

আশরাফুল আলম বলেন, লাইসেন্স না থাকা বা রেজিস্টার্ড না থাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের প্যাথলজি পরীক্ষার যন্ত্রাংশ ঠিক না থাকা। এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে ভুল পরীক্ষা রিপোর্টের ভিত্তিতে ওষুধ খেয়ে মানুষের জীবন বিপন্ন হবে। ফলে আইনে সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানার বিধান থাকলেও তাৎক্ষণিক ১ লাখ টাকা জরিমানা আদায়ক্রমে মামলার নিষ্পত্তি করা হয়।

অপর এক অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ল্যাব ডেল্টা ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করে।

এরশাদ বলেন, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে রোগীদের টেস্ট করা হচ্ছে। তাছাড়া প্রতিষ্ঠানটির লাইসেন্স নবায়ন করা ছিল না। এ কারণে ভোক্তা অধিকার ২০০৯ সালের ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান ও ক্রিস্টফার হিমেল রিচিল’র নেতৃত্বে জেলা প্রশাসনের আরেকটি টিম নগরের রিকাবিবাজার স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্স না থাকায় নিউ ম্যাডি হেলথ ডায়াগনস্টিক সেন্টার ও ইউনিক ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

অভিযানে সিভিল সার্জনের প্রতিনিধি, বেসরকারি মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির প্রতিনিধি ও পুলিশ সদস্যরা সহায়তা করেন।

আপনার মন্তব্য

আলোচিত