মারূফ অমিত

১২ জুন, ২০১৮ ০০:৪৬

লোডশেডিংয়ে অতিষ্ঠ ফেঞ্চুগঞ্জবাসী

সিলেটের ফেঞ্চুগঞ্জে থামছেই না বিদ্যুতের লোডশেডিং। লাগামহীন লোডশেডিংয়ে অতিষ্ঠ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা। এ লোডশেডিং যেন এখন নিয়মে পরিণত হয়ে দাঁড়িয়েছে।  সোমবার (১১ জুন) দিবাগত রাতে প্রায় ৭ ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল ফেঞ্চুগঞ্জ এর অধিকাংশ এলাকা।

সম্প্রতি লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এই উপজেলাবাসী।

উপজেলার মল্লিকপুর এলাকার রবিন আহমদ অনেকটা অভিযোগের সুরে বলেন, প্রতিদিনই এলাকায় বিদ্যুৎ থাকেছে না। গত রাতে টানা সাত ঘণ্টার উপরে বিদ্যুৎ ছিল না। আমরা খুব দুর্ভোগে আছি এই বিদ্যুৎ বিভ্রাট নিয়ে।

এ ব্যাপারে ঘিলাছড়ার কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, কাল রাত থেকে পল্লী বিদ্যুৎ সমিতির সার্ভিস নাম্বারে বিষয়টি জানান জন্য কল করলেও রিসিভ করছেননা কেউই।

একই এলাকার ঘিলাছড়ার নাজিমুল ইসলাম জানান, কয়েক দিন ধরেই বিদ্যুতের বিপর্যয়ে চরম অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছেন তিনি। এমনিতেই গরম তার উপরে রমজান মাস বার বার লোডশেডিং-এর কারণে বাড়িতে যেন স্থির হয়ে দাঁড়াতেও পারছেন না। বাইরেও দিনের বেলা তীব্র গরমে ঘুর-ফেরা করতে পরেছেন না।

তিনি জানান, দিনের বেলা তো বিদ্যুৎ আসে আর যায়। আবার রাতে যে একটু শান্তিতে ঘুমবো তারও উপায় নাই। এই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতজুড়ে টানা ৭ ঘণ্টা বিদ্যুতের লোডশেডিং একেবারে অতিষ্ঠ করে তুলেছে জীবন। সেই সঙ্গে তীব্র গরমে যেন নাকাল হতে হয়েছে।

এ ব্যাপারে পল্লী বিদ্যুতের দায়িত্বরত কর্মকর্তা শামিম আহমেদ সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, গত রাতে বৃষ্টির জন্য বিদ্যুৎ ছিল না।

এদিকে ফেঞ্চুগঞ্জ বাজারের স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ করে বলেন, ঈদের বাজার আর বিদ্যুতের এ অবস্থা মরার উপর খরার ঘা ছাড়া আর কিছুই নয়। তারা আরো জানান, বিদ্যুৎ না থাকায় রাতের কেনাকাটায় যাচ্ছেন না নারী ক্রেতারা।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক কামরানুল ইসলাম জানান, টেকনিক্যাল সমস্যার কারণে এমন হতে পারে। এ ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভালো বলতে পারবেন।

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারী ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন জানান, আবহাওয়ার কারণে এমন সমস্যা হচ্ছে। এছাড়া বিশেষ কোন সমস্যা নেই বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত