নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০১৮ ২০:৩৬

সিলেটে নির্বাচনে যেনো কাদা ছোঁড়াছুঁড়ি না হয়: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এই বছরটি খুবই গুরুত্বপূর্ণ। এটি নির্বাচনী বছর। আগামী মাসেই সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়। অনেক সময় কাদা ছোঁড়াছুঁড়িও হয়। তবে সিলেটে যেনো অন্তত কাদা ছোঁড়াছুঁড়ি না হয় এ ব্যাপারে আমাদের সচেষ্ট থাকতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, রমজান আমাদের সংযমের শিক্ষা দেয়। আমার প্রার্থনা থাকবে নির্বাচনের এই শিক্ষা প্রতিপালন করে আমরা যেনো সুন্দর একটি নির্বাচন করতে পারি। আমরা সকলেই আশা করি, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। কারণ প্রতিদ্বন্দ্বিতা না হলে গণতন্ত্র অচল হয়ে পড়ে।

ইফতার মাহফিল অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সিলেটের বিভিন্ন পেশার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
বুধবার সিলেটসহ তিন সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, আগামী ৩০ জুলাই সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৮ জুন পর্যন্ত। মনোনয়ন বাছাইয়ের তারিখ ১-২ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই। এরপর ভোটগ্রহণ ৩০ জুলাই।

আপনার মন্তব্য

আলোচিত