১৬ জুন, ২০১৮ ১০:০৩
আজ মাঠে নামছে বিশ্বের সবচেয়ে বেশি সমর্থনপুষ্ট দল আর্জেন্টিনা। প্রতিপক্ষ বিশ্বকাপে প্রথম বারের মতো আসা দেশ আইসল্যান্ড। যারা কি-না গত ইউরো কাঁপিয়ে দিয়ে এসেছে রাশিয়ায়।
বিশ্বকাপ শুরুর আগেই ইনজুরিতে পড়ে অবশ্য তুনের দুটি গুরুত্বপূর্ণ তীর নষ্ট হয়ে গেছে আর্জেন্টিনার। ছিটকে গেছেন পরীক্ষিত গোলরক্ষক সার্জিও রোমেরো। আরেক পরীক্ষিত মিডফিল্ডার ম্যানুয়েল লানজিনির ছিটকে পড়াটাকেই আর্জেন্টিনার জন্য সবচেয়ে বেশি আঘাত হিসেবে দেখা হচ্ছে।কারণ, লানজিনি ছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডে নির্ভরতার প্রতীক। তাকে ঘিরেই আক্রমণের ছক আঁকছিলেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি।
আরেক মিডফিল্ডার এভার বানেগাকে নিয়েও শঙ্কার কালো মেঘ। ইনজুরিতে পড়েছেন তিনিও। যদিও দলের সঙ্গে রয়েছেন এবং অনুশীলন করে নিজের আঘাতটাকে কমিয়ে আনার চেষ্টা করছেন তিনি।
তবে, বাছাই পর্বে ধুঁকতে থাকা, কোচ হোর্হে সাম্পাওলির সময় কম পাওয়া এবং সবচেয়ে বড় কথা, একটি দল হিসেবে এখনও পর্যন্ত আর্জেন্টিনাকে তৈরি করতে না পারার ব্যর্থতাই ভোগাতে পারে আর্জেন্টিনাকে।
যদিও, মস্কোর উপকণ্ঠে ব্রোনিতসিকে ঘাঁটি গেঁড়ে প্রস্তুতি শুরু করার পর নিজেদের মধ্যে যে সমন্বয় তৈরি হয়েছে তা নিয়ে দলের তারকা ফুটবলার নিজেদের ফেবারিট হিসেবে দাবি করার সৎ সাহস দেখাতে পারছেন।
আপনার মন্তব্য