০৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:৩৫
‘সাক্ষরতা অর্জন করি দক্ষ হয়ে জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরাজুল ইসলাম শেখ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন পোস্টার, ফেস্টুনসহ বর্ণাঢ্য র্যালি নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাফিজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের, সিরাজুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলি রানী সরকার, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. গোলাম মোস্তফা খান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হ্যাপি আক্তার, শাকিলা আক্তার, খতিবুন্নাহার, সুবর্ণা সরকার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে। এক সময় বাংলাদেশে শিক্ষার হার অনেক কম ছিল, মানুষ তার নিজের সাক্ষরটা দিতে পারত না, সে জন্য যে কোন কাজে টিপসই ছিল তাদের একমাত্র ভরসা। সরকারি সহায়তায় বর্তমান সময়ে বাংলাদেশে শিক্ষার হার বেড়েছে এবং মানুষ এখন নিজের সাক্ষর নিজেই দিতে পারছে।
আপনার মন্তব্য