০৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:০৮
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, কেবলমাত্র আওয়ামী লীগ সরকারই এ দেশের গরীব ও অসহায় মানুষদের ১০ টাকা কেজি দরে চাল খাওয়াতে পারে। কারণ আওয়ামী লীগ সরকার মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। আর সরকারের উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে শুধু গরীব ও অসহায় মানুষ নয় দেশের সকল জনগণই এর সুফল ভোগ করতে পারবেন। তাই আসন্ন নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে সিলেটের বিশ্বনাথের মিরেরচর গ্রামে নৌকার পক্ষে উপজেলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ‘সেন্টার কমিটি’ গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আখদ্দুছ আলীর সভাপতিত্বে ও বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলীর পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, কার্যনির্বাহী সদস্য ও বিশ্বনাথ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিক হাসান মেম্বার, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামসুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সহসভাপতি সাহাব উদ্দিন, এলাকার প্রবীণ মুরব্বী মখলিছ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, ছাত্রলীগ নেতা ইলিয়াস আলী, আশরাফ আহমদ।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী আবদুল মান্নান ও স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর লাইন শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক বাবুল মিয়া।
আপনার মন্তব্য