কমলগঞ্জ প্রতিনিধি

১২ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:৩৬

কমলগঞ্জে ৬ দফা দাবিতে আগরচাষীদের স্মারকলিপি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের আগরচাষীরা ৬ দফা দাবিতে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেছে।

বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় আগরচাষীরা এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি, টিলাবাজার, উত্তর কানাইদেশী, দক্ষিণ কানাইদেশী, ছয়ঘড়িসহ প্রায় ১২টি গ্রামে দীর্ঘদিন থেকে আগর চাষ হচ্ছে। কিন্তু আগরচাষীদের সচেতনতার অভাবে এক শ্রেণির মধ্যস্বত্ত্বভোগী কমমূল্যে আগর ক্রয় করায় চাষিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। কমলগঞ্জ থেকে ন্যায্যমূল্যের বাইরে বছরে প্রায় কোটি টাকার উপরে আগর বিক্রি হয়। তাই আগরচাষীরা উৎপাদিত আগর বাজারজাতকরণে সরকারের সহযোগিতা, আগর উৎপাদনে প্রযুক্তিগত সহযোগিতা অর্থাৎ প্রক্রিয়াজাতকরণে সহায়তা প্রদান, বিসিক বা সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে আগর চাষ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা, আগর চাষ রক্ষায় সরকারের নজরদারী বা সহায়তা প্রদান, আগর চাষে বড়লেখার পর কমলগঞ্জ একটি উপযোগী স্থান কিনা তা বিবেচনায় নিয়ে পৃষ্ঠপোষকতা প্রদান করা, স্বল্প সুদে ব্যাংক হতে আগরচাষীদের ঋণ প্রদানের ব্যবস্থার দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উন্নয়ন চিন্তক আহমদ সিরাজ, ইসলামপুর আগরচাষী উদ্যোক্তা উন্নয়ন পরিষদ আহবায়ক রফিকুল ইসলাম মানিক প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত