নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:৫০

১২ দিন পর সন্ধান মিললো নিখোঁজ এমসি কলেজ শিক্ষার্থীর

১২ দিন পর সন্ধান মিললো গত ৬ সেপ্টেম্বর নিখোঁজ হওয়া এমসি কলেজের শিক্ষার্থী সাজ্জাদ আহমদের। আজ মঙ্গলবার সাজ্জাদের পরিবারের সদস্যরা তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে নিয়ে আসেন বলে জানা গেছে।

সাজ্জাদের সন্ধান পাওয়ার খবর জানিয়ে তার বড় ভাই মিজানুর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটমককে বলেন, আমরা এখন গাড়িতে। ঢাকা থেকে সাজ্জাদকে নিয়ে বাড়ি ফিরছি। এরবেশি এখন কিছু বলতে পারবো না।

গত ৬ সেপ্টেম্বর সকাল ১১টায় নগরীর টিলাগড় থেকে কলেজে যাওয়ার পথে নিখোঁজ হন এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র সাজ্জাদ আহমদ। সাজ্জাদ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের পশ্চিম নোয়াগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর ছেলে।

এদিকে, সাজ্জাদ নিখোঁজ হওয়ার আগের সন্ধ্যায় টিলাগড় এলাকা থেকেই নিখোঁজ হওয়া ইমাদ উদ্দিন (২৪) এর সন্ধান এখনও পাওয়া যায়নি। সন্ধান মিলেনি ডিবি পুলিশ পরিচয়ে জকিগঞ্জ থেকে তুলে নেওয়া ডা. মাহফুজ আলম (৩০)এরও।

আপনার মন্তব্য

আলোচিত