নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:৩৬

সহপাঠীদের ছুরিকাঘাতে ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আহত

সিলেট নগরীতে সহপাঠীদের ছুরির আঘাতে আহত হয়েছেন আমিরুল ইসলাম রেদোয়ান (১৮) নামে ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্র। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মিরের ময়দানস্থ ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের পাশে এ ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।

রেদোয়ান সিলেট সদর উপজেলার বালুচর সোনারবাংলা আবাসিক এলাকার সামসুল হকের ছেলে। হামলার পরপরই আহত রেদোয়ানকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের পাশে একটি হামলার খবর পেয়েছি। পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে আহত রেদোয়ান জানায়, ৫ মাস আগে মিয়াদ নামে তার সহপাঠী রেদোয়ানের কাছ থেকে ৫ হাজার টাকা ধার নেয়। গতকাল সোমবার মিয়াদের কাছে তার পাওনা টাকা চাইতে গেলে এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মিয়াদ ও শাকিলসহ ১৫-২০ জন যুবক মিলে ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়।

আপনার মন্তব্য

আলোচিত