শ্রীমঙ্গল প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:৩০

শ্রীমঙ্গলে গাছ ফেলে ডাকাতি, গাড়ি ভাঙচুর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাস্তায় গাছ ফেলে কয়েকটি যানবাহনে ডাকাতি করেছে একদল ডাকাত। এ সময় ডাকাতদের হামলায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। উপজেলার লাউয়াছড়া সড়কে মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এসব ডাকাতির ঘটনা ঘটে।

পরে রাত ১টার দিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে ডাকাতের দল চা বাগানের দিকে পালিয়ে যায়। ডাকাতিকালে ডাকাতরা যাত্রীদের মারধর করে টাকা, মোবাইলসহ বিভিন্ন মূল্যবান জিনিস লুট করে।

ডাকাতির শিকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে শ্রীমঙ্গল-লাউয়াছড়া সড়কের বিটিআরআই চা বাগানের বেলতলী এলাকায় সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে ২৫ থেকে ৩০ জন ডাকাত। এ সময় শ্রীমঙ্গলের ফাইভ স্টার হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ হোটেলের স্টাফদের গাড়ি, সিএনজি অটোরিকশার চালক ও যাত্রীদের মারধর করে মুঠোফোন ও লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা।

ডাকাতদের হামলায় গুরুতর আহতরা হলেন, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ হোটেলের সহকারী ম্যানেজার ইমরান হোসেন, আশরাফুল ইসলাম, ড্রাইভার মনি সিংহ, আরিফ রানা, হেলাল উদ্দিন, সোহেল মিয়া, সুজন বৈদ্য, দুলাল মিয়া, মিনহাজ, মোহাম্মদ আলী, মো.আলম শেখ, মো. জুয়েল। তারা শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহতরা জানান, ডাকাতেরা ওই সড়কে যাত্রীদের প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে রাত ১টার দিকে পুলিশ আসলে ডাকাতেরা চা বাগানের দিকে পালিয়ে যায়।

আহত সিএনজি অটোরিকশা চালক আলম শেখ বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে ডাকাতি শুরু হয়। ৩৫ জনের মতো ডাকাত ছিল। ডাকাতদের হাতে চাকু, পিস্তল, লাঠি ও দা ছিল। ২০টি গাড়িতে লুটপাট করা হয়েছে।’

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, ‘৮ থেকে ১০টি যানবাহনে ডাকাতি হয়েছে। ডাকাতির ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।’

শ্রীমঙ্গলের রাধানগরে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ হোটেলের অ্যাডমিন অফিসার মো. মাহমুদ বলেন, ‘আমাদের হোটেলের সহকারী ম্যানেজারসহ পাঁচজন আহত হয়েছেন। ডাকাতরা প্রথমে গাড়ি ভাঙচুর করেছে। তারপর সবাইকে মারধর করে মুঠোফোন ও নগদ ১১ হাজার টাকা লুট করেছে। আহতদের শ্রীমঙ্গল উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত