১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:১৯
মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপনে রুমানা আক্তার (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ তার স্বামী ও শ্বাশুড়ি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাত সাড়ে ১১টা পর্যন্ত মরদেহ হাসপাতালে জরুরি বিভাগে সামনে রাখা ছিল। নিহত রুমানা সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের কবির আহমদের স্ত্রী।
নিহতের ভাই সুহেল মিয়া অভিযোগ করে জানান, বিয়ের পর জানতে পারেন তার স্বামী মাদকাসক্ত। এরপর সংসারে সে অসুখী ছিল। আজ রুমানার স্বামী ও শ্বাশুড়ি দিনভর রুমানার সঙ্গে ঝগড়া করে ও মারধর করেন বলে শুনেছেন তারা। পরে বিকেলে তাদের বোনের মরদেহ গোপনে হাসপাতালে আনা হয়। তখন পর্যন্ত তাদের পরিবারকে মৃত্যুর বিষয়টি জানানো হয়নি। পরে মরদেহ হাসপাতালে রেখে তার শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়।
তিনি আরও বলেন, আমার বোনকে হত্যা করা হয়েছে। তার স্বামী কবির ও তার মা আমার বোনকে হত্যা করে হাসপাতালে নিয়ে গিয়ে মরদেহ রেখে পালিয়ে গেছে। আমরা এসে মরদেহের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন দেখেছি। আমরা এর বিচার চাই।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ জানান , মরদেহের গলায় ফাঁসের দাগ রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
আপনার মন্তব্য