সিলেটটুডে ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:৩৭

‘পুলিশকে সরকার লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে’

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের বাসায় পুলিশি হামলা, ভাঙচুর, গুলি ও নেতাকর্মীদের গ্রেপ্তার, বিভিন্ন থানায় থানায় মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় (সিলেট বিভাগীয়) সকল নেতৃবৃন্দ। ষড়যন্ত্রমূলক মামলাসমূহ প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের নি:শর্ত মুক্তির দাবি জানান তারা।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদী লুনা, আলহাজ্ব এম. এ হক, খন্দকার আব্দুল মুক্তাদির ও ড. মুহম্মদ এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় (সিলেট বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় (সিলেট বিভাগীয়) সহসাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় সহক্ষুদ্র ঋণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী বলেন, কোন উস্কানি ছাড়াই সম্প্রতি সিলেটে কতিপয় অতিউৎসাহী আওয়ামী পুলিশ জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের বাসায় হামলা, ভাঙচুর, গুলি ও নিরীহ নেতাকর্মীদের গ্রেপ্তার করে। এই ঘটনায় জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের মতো সিনিয়র নেতাদের আসামি করা হয়েছে। সরকার একদিকে জাতীয় নির্বাচনের আয়োজন নিয়ে ব্যস্ততা দেখাচ্ছে অপর দিকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গ্রেপ্তার নির্যাতনের সুগভীর ষড়যন্ত্র করছে। এক্ষেত্রে পুলিশকে সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে আসন্ন নির্বাচন নিয়ে জনমনে আতংক ও সংশয়ের সৃষ্টি হয়েছে। পুলিশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠছে।

তারা আরও বলেন, ঢাকায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কনভেনশনে অংশগ্রহণকারী সিনিয়র নেতাদের মামলার আসামি করাই প্রমাণ করে এটি কাল্পনিক ঘটনায় গায়েবি মামলা। সিলেট মেট্রোপলিটন (এসএমপি) ৬টি থানায় নিরীহ নেতাকর্মীদের বিরুদ্ধে এরকম কাল্পনিক ঘটনা সাজিয়ে একাধিক গায়েবি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ কর্তৃক দায়েরকৃত এমন গায়েবি মামলায় দেশে আইনের শাসন ও পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে। অবিলম্বে দায়েরকৃত সকল গায়েবি মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

নেতৃবৃন্দ বলেন, কোন ষড়যন্ত্রই গণতন্ত্রকামী জনতা ও শহীদ জিয়ার সৈনিকদের দমিয়ে রাখতে পারবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। গ্রেপ্তার-নির্যাতন, হামলা-মামলার পথ পরিহার করে গণতন্ত্রের পথে ফিরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। অবিলম্বে গায়েবি মামলাসমূহ প্রত্যাহার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত সকল রাজবন্দীদের নি:শর্ত মুক্তি দিন। তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করুন।

আপনার মন্তব্য

আলোচিত