১৬ জুলাই, ২০১৫ ১৮:১১
সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) আসনের সাংসদ ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি’ কাজের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা জাতীয় পার্টির অফিসিয়াল ইমেইল অ্যাড্রেস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত একটি চিঠি পাঠিয়ে এই কারণ দর্শানোর নোটিশের বিষয়টি জানানো হয়েছে।
এরশাদ স্বাক্ষরিত ওই নোটিশে সাংসদকে এহিয়াকে উদ্দেশ্য করে উলেখ করা হয়েছে, ‘গত ৮ জুলাই জেলা জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য তাজ রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে উক্ত ইফতার মাহফিলে আপনাকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
‘কিন্তু আমার নির্দেশে পার্টির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইফতারে অংশগ্রহণ করলেও আপনি উক্ত ইফতার পার্টিতে অংশগ্রহণ না করে দলবল নিয়ে সার্কিট হাউজের দরজা ভাঙচুরসহ অসংখ্য নেতাকর্মীদের মারধর করেন। যার ফলে জাতীয় পার্টির ১৮ নেতাকর্মী গ্রেফতার হয় এবং পার্টির নেতাকর্মীর নামে একটি মামলা রুজু হয়।’
‘এছাড়াও আপনি ওইদিন জেলা জাতীয় পার্টির ইফতারকে পন্ড করার জন্য অন্য জায়গায় আরেকটি ইফতার মাহফিলের আয়োজন করেন।’
‘আপনার উপরোক্ত কার্যক্রম কেন দলীয় শৃঙ্খলা পরিপন্থি হবে না তা আগামী ৭ দিনের মধ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় দফতরে লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে।’
নোটিশের জবাব না দিলে সাংসদ এহিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উলেখ করা হয়েছে।
আপনার মন্তব্য