২০ জুলাই, ২০১৫ ১৭:৩৭
কুলাউড়া পৌরশহরে ঈদের রাতে স্বামীর নির্যাতনে বুচুরি বেগম (৩৫) নামক এক গৃহবধুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী কবির মিয়া পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন সুত্রে জানা গেছে, কুলাউড়া শহরের ফুটবল খেলার মাঠ সংলগ্ন ফাতির মহালদারের বাসার ভাড়াটে কবির মিয়া ঈদের দিন দুপুরে তার স্ত্রী বুচুরি বেগমকে শারীরিক নির্যাতন করে। আহত বুচুরি বেগম রাতে তার রুমে ছটফট করতে থাকলে বাসার মালিক ও পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার গৃহবধুকে মৃত ঘোষণা করেন।
গৃহবধুর মেয়ে জেসমিন আক্তার (১৬) অভিযোগ করে, তার বাবা দিনের বেলা নির্যাতন করেন, রাতে তাদের রুমে শুয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তার মা বুচুরি বেগম পানি পান করতে চাইলে বাবা কবির মিয়া পানিতে বিষ মিশিয়ে পান করায়। মায়ের চিৎকারে তারা এগিয়ে এসে দ্রুত হাসপাতালে নেয়ার পথেই মারা যান। ঘটনার পর তার বাবা কবির মিয়া বাসা থেকে পালিয়ে যায়, আর ফিরে আসেনি।
জানা যায়, কবির মিয়া একাধিক বিয়ে করেছেন। নিহত বুচুরি বেগম তার প্রথম স্ত্রী। তার মুল বাড়ী উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মীরশংকর গ্রামে। প্রায়ই সে স্ত্রীকে কারণে অকারণে নির্যাতন করতো।
কুলাউড়া থানা পুলিশের এসআই নুর হোসেন জানান, খবর পেয়ে গৃহবধু বুচুরি বেগমের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে সাধারণ ডায়রি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করেন। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য