২২ জুলাই, ২০১৫ ২১:১৯
কবি আসাদ চৌধুরী বলেছেন, ভাষা আন্দোলনের সুতিকাগার হচ্ছে সিলেট অঞ্চল। সিলেটীরা যেখানে গেছেন সেখানেই বাঙালি সংস্কৃতিকে ছড়িয়ে দিয়েছেন। সিলেটের ঐতিহ্য বহু প্রাচীন। ১৯৪৭ থেকে ৭১ পূর্ববর্তী সময়ে সারা পূর্ব পাকিস্তানের শিক্ষার হার যেখানে ছিল প্রায় ১৪% সেখানে সিলেটের ছিল ২৬.৪%।
কবি বুধবার বিকেলে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পরিত্যাক্ত লাতু রেল ষ্টেশন ও ১৮৫৭ সালে অনুষ্ঠিত ঐতিহাসিক সিপাহী বিপ্লবের স্থান পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আসাদ চৌধুরী বলেছেন, সিলেটের প্রতি দুর্বলতা আমার কমলা, সাতকরা কিংবা আনারসের জন্য নয়। হযরত শাহজালাল (র.) এর পদ অঙ্কিত সিলেটের মাটিতে অনেক ঐতিহ্যের শিকড়। ঐতিহ্যের পাশাপাশি শিল্প, কবিতা, মরমী ভাবের চর্চা আমাকে মুগ্ধ করেছে। এ অঞ্চলের ইতিহাস বাংলাদেশের ইতিহাসকে নানাভাবে ঋদ্ধ করেছে। তাই, সিলেটকে গর্বের এবং ঐতিহ্যের পীঠস্থান হিসেবে শ্রদ্ধার ও মর্যাদার আসনে আসীন করতে কবি সাহিত্যিকদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
শাহবাজপুর কলেজ ও উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অধ্যক্ষ আব্দুল বাছিতের সভাপতিত্বে ও উৎস প্রকাশনীর প্রতিষ্ঠাতা লেখক মোস্তফা সেলিমের পরিচালনয় বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. হুসনে আরা জলী, নাট্য নির্মাতা শাকুর মজিদ, এড. তবারক হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক আক্তারুজ্জামান, আতিকুল ইসলাম মুক্তা, লুৎফুর রহমান চুন্নু, রশীদ আহমদ খান, সাংবাদিক লিটন শরীফ, চলচ্চিত্র সংগঠক দিগন্ত সৌরভ, সাংবাদিক তপন কুমার দাস সহ শাহবাজপুর কলেজ ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
আপনার মন্তব্য