হবিগঞ্জ প্রতিনিধি

২২ জুলাই, ২০১৫ ২১:৩৬

কারাগারে গউছের উপর হামলাকারী ইলিয়াছ ৩ দিনের রিমান্ডে, তদন্ত শুরু

হবিগঞ্জ জেলা কারাগারে ঈদের দিন সকালে হামলার ঘটনায় ইলিয়াছ মিয়া ওরফে ছোটনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার বিকেলে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মামুনৃুর রহমান ছিদ্দিকী এ রিমান্ড মঞ্জুর করেন।


আদালত সূত্রে জানা যায়, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরয়িা হত্যা মামলায় কারাগারে আটক হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ এর উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামী ইলিয়াছকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। রিমান্ড আবেদনে পিপি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু বলেন, কারাগারে অস্ত্র নিয়ে আক্রমণ স্বাভাবিক ঘটনা নয়। এর প্রকৃত রহস্য উদঘাটনে ইলিয়াছকে ৭ দিনের রিমান্ডে নেয়া প্রয়োজন। এদিকে ইলিয়াছের পক্ষে কোন আইনজীবী না থাকায় সে নিজেই তার বক্তব্য উপস্থাপন করে। অর্ধশতাধিক আইনজীবীর উপস্থিতিতে আদালতকে সে জানায়, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহিরকে হত্যার জন্য কারাগারে বসে চুক্তি করেছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জি কে গউছ। সেই চুক্তির শর্ত না মানায় এবং তার প্রাণনাশের আশংকা থেকে সে হামলা চালিয়েছিল। উভয়পক্ষের শুনানী শেষে ইলিয়াছ মিয়া ওরফে ছোটনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মামুনৃুর রহমান ছিদ্দিকী।


তদন্ত কার্যক্রম ঃ কারাগারের ভেতরে জি কে গউছ এর উপর হামলা এবং পরবর্তিতে ভাংচুরসহ বিভিন্ন ঘটনাপ্রবাহ তদন্তের জন্য জেলা প্রশাসক সাবিনা আলম ১৮ জুলাই ৫ সদস্য বিশিষ্ট গঠন করে ৭ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ প্রেক্ষিতে তদন্ত কমিটি ইতোমধ্যেই কারাগার পরিদর্শন করে সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করেছে। তদন্ত কমিটির প্রধান এডিএম সফিউল আলম জানান, যথাসময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

প্রসঙ্গত, ১৮ জুলাই ঈদের দিন সকালে কারাগারে জি কে গউছের উপর হামলা করে ২টি হত্যা মামলার আসামী ইলিয়াছ মিয়া ওরফে ছোটন। ওই দিনই আহত জি কে গউছকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এর প্রতিবাদে জেলা বিএনপি ১৯ জুলাই হবিগঞ্জে আধাবেলা হরতাল পালন করে। অপরদিকে, অর্থমন্ত্রী ও স্থানীয় এমপিকে হত্যা ষড়যন্ত্রের প্রতিবাদে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছে।

আপনার মন্তব্য

আলোচিত