নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০১৫ ১৩:১৯

ওসমানী নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০

সিলেটের ওসমানীনগর উপজেলায় যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-জ- ১১-০৮৭৭) খাদে পড়ে তিনজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে যুগান্তর পরিবহনের বাসটি খাদে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- হবিগঞ্জের নোয়াগাঁও গ্রামের সুজানা বেগম (৩৫) এবং মিন্নি বেগম (৩০)। নিহত এক যুবকের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি দুর্ঘটনাকবলিত বাসের হেলপার ছিলেন।

উদ্ধার কাজের সমন্বয়কারী ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরসালিন জানান, দুর্ঘটনা কবলিত বাস থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।

প্রত্যক্ষদর্শীসহ অন্য যাত্রীরা জানিয়েছেন, ব্রা‏হ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা সিলেটগামী যুগান্তর পরিবহনের (ঢাকা মেট্রো-জ ১১-০৮৭৭) দ্রুতগতির বাসটি ব্রা‏‏হ্মণগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নারী-শিশুসহ অনন্ত ১০ জনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

আহতদের কয়েকজন হচ্ছেন- সিলেট বাগবাড়ি এলাকার বসবাসরত মঈন উদ্দিন, তার স্ত্রী সুমি বেগম ও শিশু ছেলে মেহেদী হাসান শাওন, হবিগঞ্জের নোয়াগাঁও গ্রামের প্রিয়া বেগম, নবীগঞ্জের আলী হোসেন, আবু তালিব, মনু মিয়া, তামিম আহমদ, ব্রা‏‏হ্মণবাড়িয়ার সজিব মিয়া, অনার আলী, হবিগঞ্জের হাবিবুর রহমান, বাহুবলের আনিস মিয়া, জুলেখা বেগম, রিয়া বেগম, মাওলানা ওলি উল্যা মাছুম, সুমাইয়া বেগম, মনিসা বেগম, মুনাব্বির, মাশহুদা বেগম। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে বাসটি খাদ থেকে উঠাতে সক্ষম হয়।

আপনার মন্তব্য

আলোচিত