২৮ জুলাই, ২০১৫ ২২:০৫
হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রাম ও তেঘরিয়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হওয়ার ঘটনায় খুনীদের ধরতে পুলিশের প্রতি আহবান জানিয়েছেন সিংহগ্রামবাসী। সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা এ আবেদন জানান।
এসময় তারা বলেন, গত ১৯ জুলাই তেঘরিয়াসহ আশপাশের কয়েকটি গ্রামের সশস্ত্র সন্ত্রাসীরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিংহগ্রামে হামলা চালায়। এ সময় তারা ১৪টি ঘর ও ২টি বাগানবাড়ি ধবংস করে ব্যাপক লুটতরাজ করে। তাদের হামলায় ওই গ্রামের কদর আলী ও বকুল মিয়া নিহত হন। আহত হন আরো অর্ধশত।
এ ঘটনায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে বেশ কয়েকবার পুলিশ তেঘরিয়া গ্রামে অভিযান চালানোর চেষ্টা করেছে। পুলিশ ওই গ্রামে গেলেই মসজিদের মাইকে ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিৎকার করা হয়। পরে গ্রামবাসী পুলিশকে ধাওয়া দিলে পালিয়ে আত্মরক্ষা করে পুলিশ সদস্যরা। এ অবস্থায় পুলিশ বাহিনীকে শক্ত অবস্থায় থেকে খুনিদের গ্রেফতার করতে আহবান জানান তারা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, এডভোকেট হাফিজুল ইসলাম, করাব ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ, বুল্লা বাজার মালিক ও ব্যবসায়ি কল্যাণ সমিতির সভাপতি বাদশাহ মিয়া, ইউপি সদস্য জুয়েল রানা, ইউপি সদস্য শফিকুল ইসলাম, ইউপি সদস্য আবু তাহের, মাসুকুর রহমান মাসুক, ছপিল মিয়া, মুছা মিয়া, দারগ আলী, মহরম আলী, খলিলুর রহমান, ডাঃ আক্তার আহাদ চৌধুরী প্রমুখ।
এ ব্যাপারে লাখাই থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, পুলিশ খুনিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে। তবে আসামীদের অনেকেই পলাতক। গ্রামবাসী লুটপাট ও ডাকাতির আশংকা থেকে পুলিশকে চিনতে না পেরে একদিন মাইকে চিৎকার করেছিল।
আপনার মন্তব্য