০১ আগস্ট, ২০১৫ ১৭:৪৭
সিলেটে বহুল আলোচিত স্কুলছাত্র আবু সাঈদ অপহরণ ও হত্যা মামলায় গ্রেফতার হওয়া আসামী র্যাবের সোর্স গেদাকে নির্দোষ দাবি করলেন তার স্ত্রী নূরজাহান বেগম। তিনি অভিযোগ করেছেন তাকে থানায় ধর্ষনের ভয় দিখিয়ে তার স্বামীকে ১৬৪ ধারায় জোরপূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দী আদায় করা হয়েছে। আজ শনিবার সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নূর জাহান এমন অভিযোগ করেন।
ছাতক উপজেলার মঈনপুরের আতাউর রহমার গেদার স্ত্রী ও মুক্তিযোদ্ধা আব্দুশ শহীদের মেয়ে তিন সন্তানের জননী নূরজাহান বেগম জানান, তিনি স্বামীকে নিয়ে নগরীর ঝেরঝেরীপাড়ায় থাকতেন। তার স্বামী আতাউর রহমান গেদা র্যাবকে তথ্য দিয়ে সহযোগিতা করতেন। বিভিন্ন সময় অপরাধী ও অসাধু পুলিশের অপকর্মের তথ্যদিয়ে র্যাবের সহযোগিতা করাই আজ তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। নগরীর শাহী ঈদগাহস্থ হাজি শাহ মীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র আবু সাঈদকে গত ১১ মার্চ ঝেরঝেরীপাড়া এলাকা থেকে অপহৃত হয়ে পরে খুন করা হয়। পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ১৪ মার্চ এসএমপির কনষ্টেবল এবাদুর রহমান পুতুলকে গ্রেফতার করে এবং তার ঝর্নারপারস্থ বাসা থেকে সাঈদের বস্তাবন্দী লাশ উদ্ধার করে।
নূর জাহান জানান, ১৪ মার্চ রাতে কোতয়ালী থানার এসআই সঞ্জয় তার স্বামীকে ফোন দিয়ে থানায় নিয়ে আটক করেন। তিনদিন থানায় বন্দি রেখে নির্যাতন করা হয়। স্বীকারোক্তিমূলক জবানবন্দী আদায়ে ব্যর্থ হয়ে পরে তাকে কোর্টে চালান দেয়। পরে তাকে দুই দফা রিমান্ডে নিয়ে স্বীকারোক্তিমূলক মিথ্যে জবানবন্দী আদায় করে পুলিশ।
নূর জাহান অভিযোগ করেন, তার স্বামীকে থানায় উলঙ্গ করে পুলিশ তার নিম্নাঙ্গে ইলেকট্রিক শক ও মলদ্বারে গরম পানি ঢুকিয়ে দেয়। রিমান্ডে নির্যাতনকালে থানার তৎকালীন ওসি আসাদুজ্জামান, মামলার আইও (প্রথম) এসআই ফজলে আজিম পাঠোয়ারী ও অন্যান্য কর্মকর্তারা তার স্বামীকে অস্ত্র উদ্ধারের নাম করে বাইরে নিয়ে ক্রসফায়ারে মৃত্যু ঘটানোর ভয় দেখায়।
তিনি বলেন, পুলিশ কনষ্টেবলদের দিয়ে আমাকে গনধর্ষন ও আমার সন্তানদের হত্যা এবং গুম করার হুমকি দেন পুলিশ কর্মকর্তারা। ফলে বাধ্য হয়ে আমার স্বামী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক মিথ্যে জবানবন্দী দেন।
নূর জাহান দাবি করেন, তার স্বামী আতাউর রহমান গেদা শিশুছাত্র আবু সাঈদ খুনের সাথে আদৌ এবং কোনভাবেই জড়িত নন। হত্যাকান্ডে তার স্বামী জড়িত থাকার কোন প্রমান পাওয়া যাবে না। অনুসন্ধ্যান ও ফরেন্সিক পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি আমলে নিলে তার প্রমান পাওয়া যাবে। স্বামীর নিঃশর্ত মুক্তি দাবি ও তাকে হত্যা মামলায় গ্রেফতার নির্যাতন এবং জোরপূর্বক মিথ্যে জবানবন্দী আদায়ের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে শাশুড়ি সূর্যবান বিবি, মেয়ে সাথী ও সাকিবা জান্নাত, ছেলে হাফিজুর রহমান স্বাধীন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য