১৩ আগস্ট, ২০১৫ ১৩:০৮
জাতীয় শোক দিবস ২০১৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা শিল্পকলা একাডেমী আগামী ১৫ আগস্ট, শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে নবম শ্রেণির যেকোনো শিক্ষার্থীর অংশগ্রহণ করতে পারবে। আগ্রহী প্রতিযোগীদের ১৫ আগস্ট সকাল ১০টা পর্যন্ত শিল্পকলা একাডেমীতে নাম নিবন্ধনের সুযোগ রয়েছে।
নাম নিবন্ধনের সময় শ্রেণি প্রমাণের জন্য অধ্যয়নরত স্ব স্ব বিদ্যালয়ের পরিচয়পত্র অথবা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
এছাড়াও দেশব্যাপী শিশুদের অংকিত চিত্রকর্মের প্রতিযোগিতার অংশ হিসেবে সিলেট জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় শিশুদের অংকিত চিত্রকর্মের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগ্রহী প্রতিযোগীরা অংকিত চিত্রকর্মটি ১৫ আগস্ট সকাল ১০টা পর্যন্ত সিলেট শিল্পকলা একাডেমীতে জমা দিতে পারবে।
১৬ ইঞ্চিদ্ধ ১১ ইঞ্চি সাইজের কাগজে রং পেন্সিল, পোস্টার রং, প্যাস্টেল রং ও জল রংসহ যেকোনো মাধ্যম ও বিষয়ে (বঙ্গবন্ধু সম্পর্কিত) ছবি অংকন করা যাবে। অংকিত ছবির পিছনে শিশুশিল্পীর নাম, ঠিকানা, শ্রেণি এবং মোবাইল নম্বর অবশ্যই লিখতে হবে।
প্রতিযোগিতা তিন বিভাগে অনুষ্ঠিত হবে : ‘ক’ বিভাগ কেজি থেকে ৩য় শ্রেণি, ‘খ’ বিভাগ ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি, ‘গ’ বিভাগ ৭ম থেকে দশম শ্রেণি পর্যন্ত।
জেলা পর্যায়ে অংশগ্রহণকারী সকল শিশুশিল্পীর অংকিত চিত্রকর্ম জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে প্রেরণ করা হবে।
আগামী ১৫ আগস্ট সন্ধ্যা ৬:৩০টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত গান-কবিতায় বঙ্গবন্ধুকে স্মরণ অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে।
সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থাকবেন সিলেট বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ।
আয়োজিত প্রতিযোগিতা ও অনুষ্ঠানে সকলের অংশগ্রহণ, উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।
আপনার মন্তব্য