নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০১৫ ২০:৩৯

রাজন হত্যা : অভিযোগপত্রের শুনানি ২৪ অগাস্ট

সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানি হবে আগামী ২৪ অগাস্ট।

সোমবার সিলেট মহানগর হাকিম ফারহানা ইয়াসমিন এ তারিখ ধার্য করেন বলে জানান আদালতের জিআর শাখার এএসআই ফরিদ উদ্দিন।

রাজন হত্যার এক মাস ৮ দিনের মাথায় রোববার মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার অভিযোপত্রটি দাখিল করেন।

এএসআই ফরিদ উদ্দিন জানান, অভিযোগপত্রে সৌদিআরবে আটক প্রধান আসামি কামরুল ইসলামকে পলাতক দেখানো হয়েছে।

চার পৃষ্ঠার এ অভিযোগপত্রে ৩৮ জনকে সাক্ষী করা হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, সোমবার আদালতে অভিযোগপত্র গ্রহনের তারিখ থাকলেও আদালত অভিযোগপত্রটিতে কোনো ক্রটি রয়েছে কি না তা পর্যবেক্ষণ করতে আগামী ২৪ অগাস্ট নতুন তারিখ নির্ধারণ করেছেন।

অভিযুক্তরা হলেন জালালাবাদ থানার কুমারগাঁওয়ের শেখপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে সৌদী আরব প্রবাসী কামরুল ইসলাম (২৪), তার ভাই মুহিত আলম (৩২), শামীম আলম (২০), আলী হায়দার ওরফে আলী (৩৪), চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়না (৪৫), ভিডিও ধারণকারী নূর আহমদ ওরফে নুর মিয়া (২০), দুলাল আহমদ (৩০), আয়াজ আলী (৪৫), তাজ উদ্দিন বাদল (২৮), ফিরোজ মিয়া (৫০), আজমত উল্লাহ (৪২), রুহুল আমিন (২৫) ও পাবেল আহমদ (১৮)।

তাজ উদ্দিন বাদল ও রুহুল আমিন ছাড়া আটজন এ ঘটনায় আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে রাজনকে পিটিয়ে হত্যা করে কয়েকজন যুবক। পরে ওই নির্যাতনের দৃশ্যের ভিডিওচিত্র ধারণ করে তারাই ইন্টারনেটে ছড়িয়ে দেয়।

আপনার মন্তব্য

আলোচিত