তাহিরপুর প্রতিনিধি

১৭ আগস্ট, ২০১৫ ২১:৪৫

তাহিরপুরে নৌকাডুবিতে মা-মেয়ের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে নৌকা ডুবে মা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহত নাজমা বেগম ও তার শিশুকন্যা বিনতী উপজেলার খলাহটি গ্রামের সোহেল মিয়ার স্ত্রী ও কন্যা।

দুর্ঘটনার সময় নৌকা থেকে সোহেল মিয়া ও তার শিশুপুত্র সাঁতরে তীরে ওঠতে সক্ষম হন। তবে স্ত্রী নাজমা ও কন্যা বিনতী পানিতে তলিয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা লাশ উদ্ধার করেন।

স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে চিকিৎসার জন্য পরিবারের সদস্যদের নিয়ে উপজেলা সদরে যান সোহেল মিয়া। সন্ধ্যায় ছোট একটি নৌকায় করে ফেরার পথে গ্রামের পাশ্ববর্তী মাটিয়ান হাওরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে। ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় সোহেল মিয়া ও তার সাত বছর বয়সী শিশুপুত্র সাঁতরেতীরে ওঠতে পারলেও তার স্ত্রী ও শিশুকন্যা পানিতে ডুবে মারা যান।

তাহিরপুর থানার ওসি শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত