বড়লেখা প্রতিনিধি

১৭ আগস্ট, ২০১৫ ২৩:০১

শিক্ষার গুণগত মান উন্নয়ন সরকারের চ্যালেঞ্জ : হুইপ শাহাব উদ্দিন

জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি বলেছেন, শিক্ষার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনে বর্তমান সরকার অঙ্গিকারবদ্ধ। সরকার শিক্ষার আমুল পরিবর্তনে নানামুখি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। ডিগ্রি স্থরে বৃত্তি, মাদরাসা পর্যায়ে ইবতেদায়ী বৃত্তি, প্রাইমারী স্কুল পর্যায়ে বৃত্তির পরিমাণ বাড়ানো ও মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিনামূল্যে পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন সরকারের চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বর্তমান সরকার শিক্ষক ও শিক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উন্নতমানের প্রশিক্ষণ দিচ্ছে।

হুইপ আরো বলেন, ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় ৩৭ হাজার বেসরকারী প্রাইমারী স্কুলকে জাতীয় করণ করেছিলেন। আর প্রায় ৪২ বছর পর তার কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২৬ হাজার বেসরকারী প্রাইমারী স্কুল সমূহকে জাতীয় করণ এবং শিক্ষকদের সম্মানী ভাতাসহ মান বৃদ্ধি করে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষা ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

হুইপ সোমবার দুপুরে প্রায় ১ কোটি ৪৩ লক্ষ টাকা ব্যয়ে বড়লেখা ডিগ্রি কলেজের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাওছার হোসেনের সভাপতিত্বে ও অধ্যাপক জায়েদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক কামরুল হাসান, নির্বাহী প্রকৌশলী শেখ নাদিম রেজা, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা: প্রণয় কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপাধ্যক্ষ সুভাষ চন্দ্র নাথ, উপজেলা ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম, সম্পাদক সাহেদুল ইসলাম, কলেজ সভাপতি ইমরান হোসেন, সম্পাদক আব্দুর রব বাবু, কলেজ শিক্ষার্থী সুমাইয়া বেগম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত