১৯ আগস্ট, ২০১৫ ১৮:৩৯
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের চাতলগাঁও এলাকা থেকে গত মঙ্গলবার (১৮ আগষ্ট) রাতে আট পিস ত্রাণের টিনসহ জাকির হোসেন (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাকিরের বাড়ি বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, জাকির এসিআই কোম্পানির এক জন ডিস্ট্রিবিউটর। তাঁর মালামাল পরিবহনের অটোটেম্পোতে করে সরকারি টিন পাচার করা হচ্ছিল।
এ খবর পেয়ে পুলিশ মঙ্গলবার রাত ১১টার দিকে কুলাউড়া পৌর শহরের চাতলগাঁও এলাকায় গাড়িটিতে অভিযান চালিয়ে আট পিস ত্রাণের টিন পায়। পরে টিনগুলো জব্দ ও জাকিরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাতে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) শামছুর রহমান দেওয়ান বাদী হয়ে সরকারি টিন আত্মসাতের অভিযোগে জাকিরের বিরুদ্ধে মামলা করেন।
কুলাউড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আহাদ মুঠোফোনে জানান, চাতলগাঁওয়ের তামিম নামের এক যুবককে জাকিরের গাড়িতে টিন উঠিয়ে একটি বাসায় নিয়ে যেতে বলেন। তামিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জাকিরকে মৌলভীবাজার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য