নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০১৫ ১৪:০৭

উদ্বোধন হলো বিয়ানীবাজারের চন্দরপুর ও সুনামগঞ্জের আব্দুজ জহুর সেতু

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে উদ্বোধন হলো ঢাকা দক্ষিণ-চন্দরপুর-বিয়ানীবাজার সড়কে চন্দরপুর সেতু, সুনামগঞ্জে সুরমা নদীর উপর নির্মিত আব্দুজ জহুর সেতু উদ্বোধন করা হয়। আজ সকালে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতু দুটি উদ্বোধন করেন।

গণবভন থেকে ভিডিও কনফারেন্সে প্রধামন্ত্রী সিলেটের দুইটি সেতুসহ মোট ৯ টি সেতু উদ্বোধন করেন।

সেতু উদ্বোধন করে শেখ হাসিনা বলেন, সেতুগুলোর মধ্য দিয়ে ওই এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন হবে। এতে ওইসব এলাকার জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন তরান্বিত হবে।

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদেরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সিলেট ও সুনামগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে তাদের সাথে কথা বলেন।

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসরঅম নাহিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সাংসদ কেয়া চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন, পুলিশ কমিশনার কামরুল আহসান, জেলা প্রশাসক জয়নাল আবেদীনসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।

উদ্বোধন হওয়া অনন্যান্য সেতুগুলোর মধ্যে রয়েছে- মাদারীপুর (মোস্তফাপুর)- শরীয়তপুর-চাঁদপুর সড়কের আড়িয়াল খাঁ নদীর উপর নির্মিত ৭ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুসহ (আচমত আলী খান সেতু) আরো তিনটি সেতু, ঢাকা দক্ষিণ-চন্দরপুর-বিয়ানীবাজার সড়কে চন্দরপুর সেতু, চকোরিয়া-বদরখালী সড়কে নির্মিত বাটাখালী সেতু, গাইবান্ধা-নাকাইহাট-গোবিন্দগঞ্জ সড়কের বড়দহ সেতু, পটুয়াখালী-কুয়াকাটা সড়কে নির্মিত শেখ রাসেল সেতু এবং সুনামগঞ্জে সুরমা নদীর উপর নির্মিত আব্দুজ জহুর সেতু।

জানা যায়, বাংলাদেশ সরকারের ৩০৬.৩৩ কোটি টাকা ব্যয়ে সড়ক নেটওয়ার্কে অর্ন্তভুক্ত সেতুগুলোর অসমাপ্ত কাজ সমাপ্তকরণ প্রকল্পের আওতায় ঢাকা দক্ষিণ-সুনামপুর-চন্দরপুর-বিয়ানীবাজার সড়কে কুশিয়ারা নদীর উপর মোট ২৪.৬২ কোটি টাকা ব্যয়ে ২৪৯.৩৭ মিটার দীর্ঘ চন্দরপুর সেতুটি নির্মাণ করা হয়।

বাংলাদেশ সরকার ও জেডিসিএফ’র অর্থায়নে সুনামগঞ্জ-কাঁচিরগাতি-বিশ্বম্ভরপুর সড়কের সুনামগঞ্জে সুরমা নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ৭১.১৩ কোটি টাকা ব্যয়ে ৪০২.৬১ মিটার আব্দুজ জহুর সেতুটি নির্মাণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত