সুনামগঞ্জ প্রতিনিধি

২০ আগস্ট, ২০১৫ ২৩:৩৬

মুক্তিযুদ্ধের চেতনায় দেশগঠনে তরুণদের আত্মনিয়োগ করতে হবে

সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমন বলেছেন, বিদ্যুতের আলোয় যেভাবে এলাকা আলোকিত হয় সেভাবে তরুণদেরও মুক্তিযুদ্ধের চেতনার আলোয় জেগে ওঠতে হবে। সকল অশুভ অন্ধকার দূর করে দেশ ও মানুষকে ভালোবেসে এগিয়ে যেতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তারুণ্যকে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।

বৃহষ্পতিবার বিকেলে সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে পল্লী বিদ্যুতায়ন সংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহনপুর মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রধান অতিথি বক্তব্যে তিনি ইউনিয়নের সুরমা নদীর উত্তরপাড়ের বিদ্যুৎবিহীন সাতটি গ্রামে শীঘ্রই বিদ্যুত সংযোগ প্রদানের আশ্বাস দেন।

বক্তব্যের আগে প্রধান অতিথি সুইচ টিপে গ্রামে আনুষ্ঠানিক বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এসময় মুহুর্মহু করতালিতে প্রধান অতিথিকে বরণ করেন এলাকাবাসী।

মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলামের সভাপতিত্বে ও শামস শামীমের উপস্থাপনায় গ্রামে বিদ্যুত সংযোগ প্রদান অনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মো. সোহেল পারভেজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য আতিকুর রহমান আতিক, মঈনুল হক কলেজের প্রতিষ্ঠাতা মঈনুল হক, কাজী শামছুল হুদা সোয়েল, মোনপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামছুল ইসলাম, মজর আহমদ সাজু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা অমল কান্তি চৌধুরী হাবুল, গৌতম বণিক, গিয়াস উদ্দিন মারুফ, পৌরব আহমদ, ইশতিয়াক আলী রিপন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত