সিলেটটুডে ডেস্ক

২১ আগস্ট, ২০১৫ ১৯:০০

লাক্কাতুরা বাগানে চা শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বীরেনসিং, লাংকাট লোহার, রাজশ্রী দাশ শেলী ও দেলোয়ার হোসেনকে কাজে পুণর্বহাল, তাদের কাজ বন্ধ থাকাকালীন সময়ের সম্পূর্ণ মজুরি পরিশোধ এবং ঠিকাপাতি কেজি প্রতি ৫ টাকা মজুরি নির্ধারণ করার দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন লাক্কাতুরা শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন লাক্কাতুরা শাখার আহবায়ক বীরেনসিং এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লাংকাট লোহার এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, বংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলা শাখার সভাপতি সুশান্ত সিনহা সুমন, সদস্য এডভোকেট উজ্জ্বল রায়, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহবায়ক হৃদেশ মুদি, লাক্কাতুরা শাখার সদস্য রাজর্স্বী দাশ শেলী, আমেনা বেগম, অজিত দাশ প্রমুখ।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সম্পূর্ণ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে মিছিল ও সমাবেশ কর্মসূচী পালন করেছিল। শ্রমিকদের দাবির যৌক্তিকতা মেনে নিয়ে বাগান পঞ্চায়েতও আন্দোলনে যোগ দেন। কিন্তু বাগান কর্তৃপক্ষ সম্পূর্ণ অযৌক্তিকভাবে কোন পূর্ব নোটিশ প্রদান না করেই আন্দোলনের নেতৃত্ব দানকারী বীরেনসিং, লংকাট লোহার, রাজশ্রী দাশ শেলী ও দেলোয়ার হোসেনকে চাকুরীচ্যুত করে।

সমাবেশে বক্তারা বলেন, চা পাতা ওজনে পরিমাপ করার সময় মালিক শ্রেণী যেমন প্রতারণা করে, ঠিক তেমনি ঠিকাপাতা (অতিরিক্ত উত্তোলিত পাতার) জন্যে লাক্কাতুরায় শ্রমিকদের মাত্র ৩ টাকা ৫০ পয়সা দেয়া হয়। অন্যান্য বাগানে এর হার ৫ টাকা করে। এর প্রতিবাদ করার কারণে শ্রমিক নেতাদের যেভাবে কাজ থেকে বাতিল করে হয়রানি করা হচ্ছে তা অত্যন্ত ন্যাক্কারজনক।

বক্তারা অবিলম্বে লাক্কাতুরা চা শ্রমিক নেতা বীরেন সিং, লাংকাট লোহার, রাজশ্রী দাশ শেলী ও দেলোয়ার হোসেনকে কাজে পুণর্বহাল, কাজ বন্ধ থাকাকালীন সময়ের সম্পূর্ণ মজুরি পরিশোধ এবং ঠিকাপাতি কেজিপ্রতি ৫ টাকা মজুরি নির্ধারণ করার দাবি জানান।

আপনার মন্তব্য

আলোচিত