২১ আগস্ট, ২০১৫ ২৩:২৭
দেশের মোট জনসংখ্যার প্রায় ৭০ ভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে জানিয়ে জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি বলেছেন, ২০২১ সালের মধ্যে সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।
হুইপ বৃহস্পতিবার রাতে মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের ৪টি গ্রামে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে ১১৪ পরিবারের বাড়িতে ও শুক্রবার বড়লেখা উপজেলার মিহারী গ্রামে ৫৬ লক্ষ টাকা ব্যয়ে ২০৯ পরিবারের বাড়িতে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষের দাবি এখন খুব বেশি নেই। শুধু দাবি থাকে বিদ্যুৎ ও গ্যাসের। ২০২১ সালের মধ্যে দেশের সকল মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। এই মুহূর্তে দেশে বিদ্যুতের কোনো সংকট নেই। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বিদ্যুৎ আছে। নতুন চাহিদা মেটাতে বিদ্যুতের উৎপাদন বাড়ানোর উপর গুরুত্বারোপ করেছে বর্তমান সরকার।
হুইপ আরো বলেন, দারিদ্র্য দেশে এক সময় প্রধান সমস্যা ছিল।
স্বাধীনতা পরবর্তী সময়ে দারিদ্র্যের হার ছিল ৭০ শতাংশ। বর্তমানে এর হার শতকরা ২৪ ভাগে নেমে এসেছে। সরকার দেশের মানুষের জন্য বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করেছে উল্লেখ করে হুইপ বলেন, মানুষ না খেয়ে এখন মরে না। গ্রামেগঞ্জে সব জায়গায় মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছে, স্যানিটেশনের সমস্যা নেই। সব মিলিয়ে দেশের মানুষ এখন সুখেই আছে।
জুড়ীতে গোয়ালবাড়ি ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা অটল কৃষ্ণ শিবেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা চেয়ারম্যান গুলশানারা মিলি, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আজির উদ্দিন মাষ্টার, যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মণি, পল্লী বিদ্যুতের ডিজিএম নিল মধাব বণিক, উপজেলা যুবলীগ সম্পাদক রিংকু রঞ্জন দাস প্রমুখ।
আপনার মন্তব্য