সিলেটটুডে ডেস্ক

২৩ আগস্ট, ২০১৫ ০০:০৯

সিলেটে ঐক্য পরিষদের মানববন্ধন : ফরিদপুর জেলা প্রশাসকের অপসারণ দাবি

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার সংগঠক এডভোকেট রানা দাশ গুপ্তকে ফরিদপুরের জেলা প্রশাসন কর্তৃক বেআইনী নোটিশ প্রদানের প্রতিবাদে ও সংখ্যালঘূ সম্প্রদায়ের নিরাপত্তা বিধানের দাবীতে শনিবার বিকাল ৪টায় নগরীর কোর্ট পয়েন্টে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন- এডভোকেট রানা দাস গুপ্ত দেশের একজন স্বনামধন্য আইনজীবি, মানবাধিকার সংগঠক ও মহান মুক্তিযুদ্ধের চেতনার একজন অগ্রসৈনিক। একই সাথে তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। তিনি এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় সম্পত্তি ও মন্দির উপাসনালয় রক্ষা এবং সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছেন। তাকে ফরিদপুরের জেলা প্রশাসন যে বেআইনী ও অন্যায় নোটিশ প্রদান করেছেন, তা অত্যন্ত নিন্দনীয় ও অপমানজনক। এ দেশের সংখ্যালঘু সম্প্রদায়সহ বিবেকবান সকল শ্রেণী-পেশার মানুষ প্রশাসনের অতি উৎসাহী এই কর্মকান্ডের তীব্র নিন্দা জানায়।

বক্তারা বলেন- দেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান সরকার ও প্রশাসনের দায়িত্ব। কিন্তু ফরিদপুরের জেলা প্রশাসক সংখ্যালঘু সম্প্রদায়ের এই ত্যাগী নেতাকে হেয় প্রতিপন্ন করার জন্য যে নোটিশ প্রদান করেছেন তাতে সর্বস্তরের সংখ্যালঘু সম্প্রদায় আজ নিন্দা জানাচ্ছে। বক্তারা অবিলম্বে এই নোটিশ প্রত্যাহারের দাবি জানান এবং একই সাথে অনতিবিলম্বে ফরিদপুরের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি জোড়ালো আহ্বান জানান।

তারা বলেন, এদেশের সংখ্যালঘু সম্প্রদায় দেশের নানান সংকটময় মুহুর্তে দেশের কল্যাণে আত্মদান করেছে। গুটিকয়েক ব্যক্তির লোভ ও লালসার কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি আত্মসাৎ হচ্ছে। এই অবস্থা থেকে দেশ ও সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সিলেট জেলা সভাপতি শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তী মানসের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে’র পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন- হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক অসিত ভট্টাচার্য্য, বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে, মহানগর সভাপতি এডভোকেট বিমান চন্দ্র দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের মহানগর সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, দক্ষিণ সুরমা শাখার সাধারণ সম্পাদক নিরুপম চক্রবর্তী শুভ, আদিবাসী নেতা- নিঝুম সাংমা, ছাত্র যুব ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাস ধনু প্রমুখ।

মানববন্ধন কর্মসূচীতে বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত