২৪ আগস্ট, ২০১৫ ১৫:৪৭
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলার চার্জশীট দাখিল হয়নি। আগামী ২৭ সেপ্টেম্বর চার্জশীট দাখিলের জন্য নতুন তারিখ ধার্য্য করা হয়েছে। সোমবার মামলার নির্ধারিত তারিখে হবিগঞ্জের জেষ্ঠ্য বিচারিক হাকিম নিশাত সুলতানা নতুন তারিখ ধার্য্য করেন।
সোমবার মামলার নির্ধারিত তারিখে কোন আসামীকে হাজির করা হয়নি। কিবরিয়া হত্যা মামলায় কারাগারে থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক ও হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র জিকে গউছসহ ১৪ জনের আইনজীবী সময় প্রার্থনা করেন। তবে ১ম চার্জশীটভূক্ত জামিনে থাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুমসহ ৮ জন হাজিরা প্রদান করেন।
একইভাবে আসামীরা হাজির না হওয়ায় এ পর্যন্ত ছয় দফা পিছিয়েছে কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখও। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলাটি বিচারাধীন আছে।
হবিগঞ্জ আদালত সূত্র জানায়, গত ১২ মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি’র সিনিয়র এএসপি মেহেরুন্নেছা পারুল কিবরিয়া হত্যকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলার কারাগারে থাকা আসামীদেরকে বিস্ফোরক মামলায় শ্যোন এ্যারেস্ট দেখানোর আবেদন করেন। এ প্রেক্ষিতে গত ১ জুন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী ও আলহাজ্ব জি কে গউছসহ কারাগারে থাকা সকল আসামীকে শ্যোন এ্যারেস্ট দেখানোর আদেশ দেন আদালত। তদন্তকারী কর্মকর্তা জানান, অভিযোগপত্র তৈরির কাজ শেষ পর্যায়ে। যে কোন সময় অভিযোগপত্র দাখিল করা হবে।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ ৫ জন। এতে আহত হন বর্তমান জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপিসহ ৪৩ জন। এ ঘটনায় আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি বাদি হয়ে সদর থানায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেন। হত্যা মামলার বিচারের কাজ শুরু হলেও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলাটির এখনও সম্পূরক চার্জশীট প্রদান করা হয়নি।
আপনার মন্তব্য