২৫ আগস্ট, ২০১৫ ১৮:২৭
কানাইঘাটে স্কুলছাত্রী স্বপ্না বেগম (১৬) হত্যা মামলায় মোস্তাক ও ইসমাইলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করে অনাদায়ে আরও ৬মাসের দণ্ডাদেশ দেওয়া হয়েছে তাদের। মঙ্গলবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় দেন।
দোষী প্রমাণিত না হওয়ায় মামলার আরও দুই আসামি মো. মড়াই মিয়া ও হামদু মিয়াকে খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মোস্তাক আহমদ (৩১) উপজেলার কেওড় গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ও ইসমাইল আলী (৩১) একই গ্রামের এবাদুর রহমানের ছেলে ।
মামলার বিবরণে জানা যায়, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী স্বপ্নার প্রতি ক্ষিপ্ত ছিল ঘাতক মোস্তাক। এর আগে উত্ত্যক্ত করার দায়ে বিভিন্ন সময় সালিশি বৈঠকে মোস্তাককে শাস্তি দেওয়া হয়।
এতে আরও ক্ষিপ্ত হয়ে ২০০৭ সালের ২১জুন স্বপ্নাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যান মোস্তাক ও তার সহযোগী ইসমাইল। পরে পাশ্ববর্তী একটি টিলায় গলা কেটে হত্যা করা হয় স্বপ্নাকে।
এ ঘটনায় নিহত স্বপ্নার বাবা আকদ্দছ আলী বাদী হয়ে মোস্তাক ও ইসমাইলকে আসামি করে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা করেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট দেলোয়ার হোসেন জানান, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে জড়িতদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে মামলার চার্জশিট (নং-২৭) জমা দেন তদন্তকারী কর্মকর্তা তৎকালীন কানাইঘাট থানার উপ পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।
আপনার মন্তব্য