নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট, ২০১৫ ২৩:৪০

কোচিং বাণিজ্য নিয়ে রিপোর্ট করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক আহাদ

সিলেটে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং বাণিজ্য নিয়ে সংবাদ সংগ্রহের সময় সময় টিভির সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে ইউনিভার্সিটি কোচিং সেন্টারের (ইউসিসি) লোকজন।

এমনকি হামলার সংবাদ প্রচার হলে রিপোর্টার আব্দুল আহাদ ও চিত্র সাংবাদিক দিগেন সিংহ’কে অফিস থেকে তুলে নিয়ে হত্যার হুমকিও দেয় হামলাকারীরা।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সিলেট নগরীর চৌহাট্টা নিলয় ৩নং বাসায় ইউনিভার্সিটি কোচিং সেন্টারে(ইউসিসি) এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় রাতে সিলেট কোতোয়ালী থানা অভিযোগ দায়ের করেন সময় টেলিভিশনের রিপোর্টার আবদুল আহাদ।

সময় টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির জানান, বুধবার সন্ধ্যায় চৌহাট্টা ইউসিসি’তে কোচিং বাণিজ্য নিয়ে সংবাদ সংগ্রহে যান সময় টিভির স্টাফ রিপোর্টার আবদুল আহাদ ও চিত্র সাংবাদিক দিগেন সিংহ।

এসময় কোচিং সেন্টারের ভবনের সামনে ফুটেজ সংগ্রহের সময় সেন্টারের পরিচালক সাইফুর রব ও তার সহযোগী রাজন এসে সময় নিউজ টিমের ওপর চড়াও হয়।

ছবি তুলতে নিষেধ ও ক্যামেরার ফুটেজ ডিলিট করতে বলে হামলাকারীরা। কিন্তু হুমকি না মানায় সাংবাদিকদের শারিরীকভাবে লাঞ্ছিত করে তারা। একপর্যায়ে জোরপুর্বক ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত সংবাদ প্রচার করলে রিপোর্টার আব্দুল আহাদ ও চিত্র সাংবাদিক দিগেন সিংহ’কে অফিস থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেয় তারা।

পরে স্থানীয় লোকজন টের পেয়ে ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীদের মধ্যে রাজন তালিকাভুক্ত ছাত্রদল ক্যাডার।

সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আবদুল আহাদ জানান, ইউসিসি কোচিং কর্তৃপক্ষ ইউনিভার্সিটি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফিস নিচ্ছে, এমন অভিযোগ পেয়ে রিপোর্ট করতে যান তিনি। ইউসিসি’র পরিচালক সাইফুর রব ও তার সহযোগী রাজন কোনো কারণ ছাড়াই তাদের ওপর হমালা করে।

সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মদ জানান, অভিযোগের প্রেক্ষিতে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মইনুল হক বুলবুল, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন শিহাব, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক কামকামুর রাজ্জাক রুনুসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

তারা হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবীও জানান।

আপনার মন্তব্য

আলোচিত