২৭ আগস্ট, ২০১৯ ১৩:১৫
সুনামগঞ্জের ধর্মপাশায় প্রতিবেশী আট বছর বয়সী বাকপ্রতিবন্ধী এক শিশুকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে রোম বাদশা ওরফে রুমালী (১৮) নামে এক যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২৭ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে উপজেলা সদরের ধর্মপাশা পূর্বপাড়া গ্রামের নির্মাণাধীন একটি পরিত্যক্ত ভবনে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে সোমবার রাতে অভিযোগ উঠে।
অভিযুক্ত প্রতিবেশী রুমালী উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের বাসিন্দা খোকন চৌধুরীর ছেলে।
সূত্র জানায়, ঘটনার দিন বিকেলে শিশুটি তার বাবার সাথে দোকানে গিয়েছিল। শিশুটির বাবা রাত পৌনে আটটার দিকে দোকানের সামনে রুমালীকে পেয়ে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বললে রুমালী শিশুটিকে সাথে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে বাড়ির পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে রুমালী।
শিশুটি কাঁদতে কাঁদতে তার মাকে বিষয়টি ঈশারা ইঙ্গিতে বোঝায়। এরপর নির্মাণাধীন একটি ভবনের কাছে নিয়ে যায় মাকে। পরে মেয়েটি তার মাকে ওই প্রতিবেশীর বাড়িতে নিয়ে যায় এবং অভিযুক্তকে আঙ্গুল দিয়ে দেখায়। ঘটনাটি জানাজানি হলে রুমালী বাড়ি থেকে পালিয়ে যায়।
শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতেই নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় রোববার রাতেই ওই শিশুর বাবা বাদী হয়ে রুমালীকে আসামি করে ধর্মপাশা থানায় ধর্ষণ মামলা করেছেন।
ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ‘রাতেই মেয়েটির বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। আসামিকে খুঁজে বের করে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।’
আপনার মন্তব্য