নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০১৫ ২১:৫৬

অনন্ত হত্যা: আটক দুই ভাই সাতদিনের রিমান্ডে, আরো ৫ জনকে শ্যোন এরেস্টের আবেদন

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যার সাথে জড়িত সন্দেহে আটক দুই ভাইকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার বিকেলে সিলেট মহানগর হাকিম সাহেদুল করিমের আদালতে হাজির করে মান্নান ইয়াহিয়া ওরফে মান্নান রাহী ও মোহাইমিন নোমান ওরফে এএএম নোমান'র ১৫ দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।

শুক্রবার রাত ৯ টায় সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান সিআইডি পুলিশের বিশেষ সুপার আবদুল্লাহ হেল বাকী। এসময় সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান উপস্থিত ছিলেন।

শুক্রবার ভোরে সিআইডির একদি দল সিলেটের কানাইঘাটে অভিযান চালিয়ে উপজেলার পূর্ব পালজুর গ্রামের হাফিজ মইনুদ্দিনের পুত্র মান্নান ইয়াহিয়া ওরফে মান্নান রাহী ও মোহাইমিন নোমান ওরফে এএএম নোমানকে আটক করে।

সুনির্দিষ্ট তথ্যে ভিত্তিতে অনন্ত বিজয় হত্যায় তাদের আটক করা হয়েছে বলে জানান বাকী।

তিনি জানান, আলোচিত এই হত্যাকান্ডের ঘটনায় এই দু'জন ছাড়াও আগে ফটো সাংবাদিক ইদ্রিস আলীকে গ্রেফতার করা হয়। এছাড়া ঢাকায় অন্যান্য ব্লগার হত্যার দায়ে আটক হওয়া পাঁচজনকে এই মামলায় শ্যোন এরেস্ট দেখানোর আবেদন করা হয়েছে।

পুলিশ জানায়, আটক মান্নান রাহী (২৪) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। তবে স্নাতক শেষ না করেই পড়াশোনা ছেড়ে দিন তিনি। অপরদিকে তার ভাই ও মোহাইমিন নোমান (২১) স্থানীয় একটি মাদরাসা থেকে আলিম পাশ করে এমসি কলেজে ভর্তি হন।

এই দুই ভাইকে নিয়ে রাতেই ঢাকায় রওয়ানা দেওয়া হবে। ঢাকায় সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এরআগে গত ৭ জুন আলোচিত এই হত্যার ঘটনায় গ্রেফতার করা হয় স্থানীয় একটি পত্রিকার ফটো সাংবাদিক ইদ্রিস আলী। রিমান্ড শেষে এখন জেলহাজতে আছেন ইদ্রিস।

গত ১২ মে নগরীর সুবিদবাজারে নিজ বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার অনন্ত বিজয় দাশকে। হত্যাকান্ডের পরপরই অনন্ত’র বড়ভাই রত্মেশ্বর দাশ বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। পেশায় ব্যাংক কর্মকর্তা অনন্ত সিলেট গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ও মুক্তমনা ব্লগের ব্লগার ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত