নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০১৫ ১৮:৫২

সরকার শিক্ষাকে পণ্য করেছে : ভ্যাটবিরোধী মিছিলে শিক্ষার্থীরা

বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে ৭.৫% ভ্যাট আরোপের প্রতিবাদে সিলেট নগরীতে মিছিল করেছে শিক্ষার্থীরা।
শনিবার বিকেল সাড়ে ৪ টায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র মিজানুর রহমানের সভাপতিত্বে এবং ফাহিম আহমদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র দেবাশীষ, লিডিং ইউনিভার্সিটির ছাত্র মিজানুর রহমান, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রী দেবপ্রিয়া পাল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার অন্যায়ভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর ৭.৫% ভ্যাট আরোপ করেছে। সরকার বলছে, এটা মালিকরা দেবে আর মালিকরা বলেছে ভ্যাট ছাত্রদের কাছ থেকে আদায় করা হবে।

১৯৯২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে স্পষ্ট করে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় একটি অলাভজনক প্রতিষ্ঠান। যেখানে সরকারের দায়িত্ব অধিক পরিমানে পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মান করা সেখানে তা না করে বেসরকারিকরণকে উৎসাহিত করা হচ্ছে। ফলে বিভিন্ন ব্যক্তি উদ্যোগে ব্যাবসা প্রতিষ্ঠানের মত করে গড়ে উঠছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। এর দায় সরকারের; ছাত্রদের বা অভিভাবকদের নয়। সরকার ভ্যাট আরোপের মাধ্যমে প্রমান করল তারা শিক্ষাকে পণ্যে পরিণত করতে চায়। । সরকারের এই ঘৃন্য সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। যতক্ষন পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষন পর্যন্ত ছাত্ররা আন্দোলন চালিয়ে যাবে।

আপনার মন্তব্য

আলোচিত