০৭ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৩২
সিলেট বেতারে নিয়ম বহির্ভূতভাবে প্রায় দেড়শতাধিক গাছ কাটার ঘটনায় তদন্ত শুরু করেছে বাংলাদেশ বেতারের গঠিত তদন্ত কমিটি।
শনিবার (৭ সেপ্টেম্বর) গাছকাটার বিষয়ে তদন্তের শুরুতে তদন্ত কমিটি সিলেট বেতারের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।
সিলেট বেতারে উন্নয়ন প্রকল্পের নামে বন বিভাগের অনুমতি না নিয়ে গাছকাটার ঘটনায় বাংলাদেশ বেতারের পরিচালক (প্রশাসন ও অর্থ) রেজাউল করিমের নেতৃত্বে গঠিত হয়েছে এই তদন্ত কমিটি।
তদন্ত কমিটিতে আরো রয়েছেন বাংলাদেশ বেতারের পরিচালক (বাণিজ্যিক কার্যক্রম) মির শাহ আলম ও বাংলাদেশ বেতারের উপ পরিচালক (প্রশাসন ও অর্থ) হামিদুর রহমান।
বৈঠক সূত্রে জানা যায়, ১৪৩টি গাছের মধ্যে ১১৪টি গাছ কাটা হয়েছে বলে তাদের জানানো হয়েছে। বাকি গাছগুলো এখনো কাটা হয়নি। তবে তদন্ত কমিটির বাংলাদেশ বেতারের পরিচালক (প্রশাসন ও অর্থ) রেজাউল করিম তাদেরকে বাকি গাছ কাটতে নিষেধ করে গেছেন বলে জানান তিনি।
এরপর সিলেট বেতারে নকল বদলী আদেশসহ আভ্যন্তরীণ অন্যান্য বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা। পরবর্তীতে সিলেট বেতারে সেন্ট্রাল এসি প্লান্টসহ চলমান উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখেন তদন্ত কমিটির সদস্যরা।
এসময় সিলেট বেতারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের পিডি মুজিবুর রহমান ও ডিপিডি জিল্লুর রহমান, সিলেট বেতারের আঞ্চলিক পরিচালক ফখরুল আলম, আঞ্চলিক প্রকৌশলী মানোয়ার হোসেন খান সহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিলেট বেতারে নিয়ম বহির্ভূতভাবে প্রায় দেড়শতাধিক গাছ কাটার ঘটনায় এর আগে বন বিভাগের উদ্যোগেও তিন সদস্যেরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তাদের এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়। তবে এক মাসের বেশি সময় পাড় হয়ে গেলেও এখনো সে রিপোর্ট কোনো প্রতিবেদন আসেনি।
আপনার মন্তব্য